ওঙ্কার ডেস্ক: নয়ডায় ফের এসি স্লিপার বাসে অগ্নিকাণ্ড। তবে চালকের সতর্কতায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। সময়মতো বাস থেকে নামিয়ে দেওয়া হয় সব যাত্রীকে। যার ফলে প্রাণ বেঁচেছে সকলের। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লা থেকে উত্তরপ্রদেশের মুজফ্ফরপুরের উদ্দেশে রওনা হয়েছিল বাসটি। বাসে ছিলেন ৩২ জন যাত্রী। যাত্রা শুরুর প্রায় আধ ঘণ্টা পর নয়ডার সেক্টর ৪৮-এর নলেজ পার্কের কাছে পৌঁছয় সেটি।
স্থানীয় সূত্রে খবর, সেই সময় বাসের কেবিনে পোড়া গন্ধ পান চালক। বাসের সামনের দিক থেকেই গন্ধটি আসছিল বলে জানা যায়। পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে বাস থামিয়ে দেন তিনি। রাস্তার পাশে বাস দাঁড় করানোর পর যাত্রীদের দ্রুত নেমে যেতে বলেন। তাঁর নির্দেশ মেনে যাত্রীরাও দ্রুত বাস থেকে বেরিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, শেষ যাত্রী বাস থেকে নামার কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। প্রায় ৫ থেকে ৭ মিনিটের মধ্যে গোটা বাস আগুনের গ্রাসে চলে যায়। যমুনা এক্সপ্রেসওয়ের কাছে এই ঘটনা ঘটে। উৎসবের মরসুম উপলক্ষে কয়েকজন ব্যবসায়ী বাসে বিভিন্ন পণ্য নিয়ে যাচ্ছিলেন। আগুনে সেই সমস্ত সামগ্রী পুড়ে নষ্ট হয়ে যায় বলে দাবি তাঁদের।
ঘটনার পর এক যাত্রী বলেন, আর কয়েক মিনিট দেরি হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারত। বহু মানুষের প্রাণহানির আশঙ্কাও ছিল। চালকের দ্রুত সিদ্ধান্ত এবং আগাম সতর্কতার কারণেই বড় বিপদ এড়ানো গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এর আগে গত ২৩ সেপ্টেম্বর দিল্লি থেকে উত্তরপ্রদেশগামী একটি এসি স্লিপার বাসে আগুন লেগেছিল। সেই বাসে ছিলেন ৩৫ জন যাত্রী। ওই ঘটনায় প্রাণ হারান ৯ জন।