ওঙ্কার ডেস্ক: প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলছিলেন। আর সেই সময় কান্নাকাটি করছিল ৩ বছর বয়সী শিশুপুত্র। তাতে ক্ষুব্ধ হয়ে শিশুটিকে শ্বাসরোধ করে খুন করলেন মহিলা। গত জুন মাসে উত্তরপ্রদেশের বলদেব থানা এলাকার ছৌলি গ্রামে এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যে ৩২ বছর বয়সী ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলার সময় শিশুটি অনবরত কাঁদছিল। আর সেই কারণেই তাকে হত্যা করা হয় বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার অভিযুক্ত নারী তাঁর সেই প্রেমিকের সঙ্গে কথা বলছিলেন। সেই কথোপকথনে ছেলেকে খুন করার কথা জানায় সে। তখন বিষয়টি জানতে পারেন তাঁর স্বামী। এরপর ওই মহিলা পরিবারের লোকজন ও পুলিশের কাছে নিজের অপরাধের কথা স্বীকার করেন। পুলিশের এক আধিকারিক জানান, ঘটনাটি ঘটেছিল ২৮ জুন। শিশুটির বাবা কৃষ্ণ মুরারি গুপ্ত একটি ওষুধের দোকান চালান। ঘটনার সময় তিনি দোকানে ছিলেন। তখন তার স্ত্রী রুচি জিন্দাল তাকে ফোন করে জানান, একটানা কান্নার পর তাদের ছেলে অসুস্থ হয়ে পড়েছে। এমনকি সে কোনও সাড়া দিচ্ছে না বলে জানান মহিলা। পরিবারের লোকজন শিশুটিকে দ্রুত উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই দিনই শিশুটিকে পোলিও টিকা খাওয়ানো হয়েছিল। টিকা নেওয়ার কারণেই মৃত্যু হয়েছে, এমন সন্দেহ করে পরিবারটি মৃতদেহ কবরস্থ করে।
পুলিশের এক আধিকারিক জানান, কৃষ্ণ মুরারি দাবি করেন, তিনি তার স্ত্রীকে ফোনে শিশুর মৃত্যুর বিষয়ে কথা বলতে শুনেছেন। পরে ওই মহিলার দেওর গোবিন্দ গুপ্ত তার কল রেকর্ড পরীক্ষা করে অভিযোগ করেন, তিনি দীর্ঘ দিন ধরে এক ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। বলদেব থানার স্টেশন হাউস অফিসার অজয় শর্মা জানান, গোবিন্দ গুপ্তের দায়ের করা অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
.