ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। মধ্যপ্রদেশের হারদা জেলায় গাড়ি ও বাইকের মধ্যে সংঘর্ষের ফলে এই দুর্ঘটনাটি ঘটে। ইতিমধ্যে দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, রাস্তা পার হওয়ার সময় একটি বাইকে ধাক্কা দেয় গাড়ি। সেই ধাক্কার অভিঘাতে দূরে ছিটকে গিয়ে পড়ে মোটরসাইকেল থাকা তিন আরোহী। ঘটনার পর তিন জনেরই মৃত্যু হয়েছে।
নগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত আধিকারিক রোশনলাল ভারতী জানিয়েছেন, ওই থানা এলাকার দাগাওয়ানিমা গ্রামের কাছে সোমবার রাতে চার লেনের রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটেছে। ওই সময় বাইকে চেপে তিন জন রাস্তা পার হচ্ছিলেন। এক প্রত্যক্ষদর্শী জানান, ধাক্কার পর গাড়িটি চলে যায় দ্রুত ঘটনাস্থল ছেড়ে। সংঘর্ষের পর বিকট শব্দ হয়। তড়িঘড়ি স্থানীয়রা ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে তপদন্তকারীরা ঘটনাস্থলে এসে অচেতন অবস্থায় উদ্ধার করে তিন জনকে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তিন জনকেই মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় ইতিমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে তদন্তও শুরু হয়েছে। নিহতদের নাম—সন্দীপ খারবাডে (৩০), সুনীল সিং (৩০) এবং গোপাল রাজপুত (৩১)। পুলিশ জানিয়েছে, নিহত তিন জনই বন্ধু ছিলেন। তাঁরা এসি টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন।