ওঙ্কার ডেস্ক: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন ক্রমশ জোরদার হচ্ছে দেশজুড়ে। এই আবহে সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের বার্তা পাঠালেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে আবেদন জানিয়ে বলেছেন, তাদের পছন্দমতো যে কোনও জায়গায় আলোচনার জন্য প্রস্তুত কেন্দ্রীয় সরকার।
জিতেন্দ্র সিং বলেন, ‘আপনাদের যতটা সময় প্রয়োজন, আমরা তা দিতে প্রস্তুত। আলোচনার সময় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং আমি—দুজনেই উপস্থিত থাকব। আপনারা যেখানেই স্বাচ্ছন্দ্যবোধ করবেন—আমার অফিসে বা জেপি নাড্ডার বাসভবনে—সেখানেই আমরা দেখা করতে রাজি। আজ সকাল থেকে আমরা চারবার আপনাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। আমি আবারও অনুরোধ করছি, আসুন এবং আমাদের সঙ্গে আলোচনায় বসুন।’
উল্লেখ্য, ককরোচ জনতা পার্টির তরফে আগেই জানানো হয়েছিল আলোচনা হতে হবে বিক্ষোভস্থলে অথবা কোনও নিরপেক্ষ জায়গায়। সরকারের তরফে এ বিষয়ে ভিন্ন মত জানানো হয়। আর সে কারণে আলোচনা ভেস্তে যায়। তবে অবশেষে সরকার পক্ষ সুর নরম করায় আলোচনা হতে পারে বলে আশা প্রকাশ করা হচ্ছে। এদিকে যন্তর মন্তরে বিক্ষোভ চলমান থাকায় যাতে বেশি সংখ্যক মানুষ আন্দোলনে সামিল হতে না পারেন সে কারণে ঝান্ডেওয়ালান মেট্রো স্টেশন বন্ধ করে দিল কর্তৃপক্ষ। এর ফলে রাজধানীতে মোট বন্ধ স্টেশনের সংখ্যা বেড়ে হল ১৭। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই মেট্রো স্টেশনটি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।