ওঙ্কার ডেস্ক: বড়সড় শিশু পাচার চক্রের হদিশ মিলল অরুণাচল প্রদেশে। অভিযান চালিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ১৯ জন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। পাচারে জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম গুমনিয়া কোচুং, মার্তে এটে এবং নেহা গেরোরি।
নামসাই চাইল্ড ওয়েলফেয়ার কমিটি-র দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযোগের প্রেক্ষিতে ১৭ আগস্ট একটি মামলা দায়ের করা হয়। বিভিন্ন রিপোর্ট অনুসারে, অরুণাচল প্রদেশের মেচুকা, আলো, পাসিঘাট, নাহারলাগুন, ইটানগর এবং লংডিং এলাকা থেকে শিশুদেরকে উদ্ধার করা হয়েছে। তদন্তে জানা গেছে, একেকটি শিশুর জন্য ১০,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত আর্থিক লেনদেন হয়েছিল।
পুলিশ সুপার সাঙ্গে থিনলে বলেন, ‘আমরা অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গা থেকে ১৯ জন শিশুকে উদ্ধার করেছি। শিশু পাচারের ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’ ওই পুলিশকর্তা জানান, উদ্ধার হওয়া শিশুদের অধিকাংশই আট বছরের কম বয়সী। তাদের মধ্যে সবচেয়ে ছোট শিশুটির বয়স তিন বছর। গোটা বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। উদ্ধার হওয়া শিশুদের কয়েকজনকে হোটেলে কাজ করানো হচ্ছিল। শিশুদের উদ্ধার ও পুনর্বাসনের কাজের সঙ্গে যুক্ত এক সমাজকর্মী বিষয়টি নিয়ে বলেন, ‘অরুণাচল প্রদেশে কাজের লোকের ঘাটতি রয়েছে। হোটেল, রেস্তোরাঁ ও গৃহস্থালির কাজে শ্রমিকের চাহিদা রয়েছে। দালালরা পাচার চক্রের হয়ে কাজ করে। আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোকে টার্গেট করে তারা অরুণাচল প্রদেশের বিভিন্ন প্রান্তে কাজ করানোর জন্য শিশুদের নিয়ে যায়।’