ওঙ্কার ডেস্কঃ নিট-আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব এফআইআর প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র। কিন্তু আদতে কী এই মত কাজ হচ্ছে? যদি এফআইআর বাতিল না-হয়, তবে নতুন করে বিক্ষোভ, অবস্থান শুরু হবে। আবারও অবস্থানে বসার হুঁশিয়ারি দিল সিজেপি।
সিজেপির দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ ২৫ জুলাই কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রতিশ্রুতির পরিপন্থী। সরকার আশ্বাস দিয়েছিল, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরগুলি খারিজ করবে। কোনও পড়ুয়ার বিরুদ্ধে শাস্তিমূলক বা কঠোর পদক্ষেপ করা হবে না। সেই আশ্বাস পাওয়ার পরেই যন্তর মন্তর থেকে অবস্থান তোলার সিদ্ধান্ত নেওয়া হয়।
সিজেপি-র আশঙ্কা, কেন্দ্রীয় সরকার এবং বিজেপিশাসিত রাজ্যগুলি সুপ্রিম কোর্টের নির্দেশকে হাতিয়ার করে বিক্ষোভকারীদের বিরুদ্ধে স্বতন্ত্র ফৌজদারি মামলা চালিয়ে যেতে পারে।
সিজেপি-র আরও বক্তব্য, সোমবার গভীর রাত পর্যন্ত কেন্দ্রের সঙ্গে তাদের আলোচনা হয়েছিল। সেখানেও একই প্রতিশ্রুতি দেওয়া হয়। মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানির সময় সরকারপক্ষের আইনজীবীরা কেন সেই আলোচনা এবং তার ফলাফল আদালতকে জানাননি, প্রশ্ন ‘ককরোচ’-দের।
অভিজিৎ দীপকে বলেন, ‘‘পড়ুয়ারা যদি ক্রমাগত পুলিশের অত্যাচার বা নিপীড়নের শিকার হতে থাকেন, তা হলে আমরা আবার রাস্তায় নামব। শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে কেন্দ্রকে জবাব দেবে সিজেপি। সরকারকে অবশ্যই পড়ুয়াদের লক্ষ্যবস্তু করা বা তাঁদের অযথা হয়রান করা থেকে বিরত থাকতে হবে।’’ সিজেপি-র প্রতিষ্ঠাতার মতে, সুপ্রিম কোর্ট সরকারকে এফআইআর করে শাস্তিমূলক ব্যবস্থা চালিয়ে যেতে বলেনি। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার করার ক্ষমতা এখনও সরকারের সংশ্লিষ্ট বিভাগের হাতে রয়েছে।
সিজেপি-র হুঁশিয়ারি, কেন্দ্র যদি কথা না-রাখে তবে পুনরায় দেশব্যাপী আন্দোলন শুরু করা ছাড়া আর কোনও ‘উপায় নেই’।