ওঙ্কার ডেস্কঃ জ্বালানির জ্বালায় জর্জরিত দেশ। বিগত ১০ দিনে ৪ বার বেড়েছে তেলের দাম। সোমবার তেলের দাম বাড়ার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই সিএনজি গ্যাসেরও দাম বেড়েছে। এই নিয়ে ১১ দিনে চতুর্থবার দাম বাড়ল সিএনজির। মঙ্গলবার কেজিপ্রতি সিএনজি গ্যাসের দাম বেড়েছে ২ টাকা করে। দু’সপ্তাহেরও কম সময়ে কেজিপ্রতি মোট ১১ টাকা বেড়ে গেছে গ্যাসের দাম।
দিল্লিতে প্রতি কেজিতে ২ টাকা করে বাড়ানো হয়েছে, ফলে রাজধানীতে সিএনজির নতুন দাম দাঁড়িয়েছে ৮৩.০৯ টাকা প্রতি কেজি। কলকাতায় সিএনজির মূল্য ৯৩.৫০ টাকা প্রতি কেজি। গত রবিবার বেড়েছিল ১ টাকা, তার আগে শুক্রবার বাড়ে ১ টাকা, আর ১৫ মে একধাক্কায় বাড়ানো হয়েছিল ৩ টাকা প্রতি কেজি। মূলত অটো ও ছোট গাড়িতে ব্যবহৃত হওয়ায়, এই ধারাবাহিক মূল্যবৃদ্ধির জেরে অটো ও ক্যাব ভাড়া আরও বাড়বে, এমন আশঙ্কা ইতিমধ্যেই দেখা দিয়েছে।
আন্তর্জাতিক বাজারে যুদ্ধজনিত পরিস্থিতি, সরবরাহ কমে যাওয়া এবং দীর্ঘদিন মূল্য স্থির রাখার জেরে তৈরি ক্ষতি সামাল দিতে তেল সংস্থাগুলি প্রতি লিটারে আরও অন্তত ৩৩ টাকা বাড়াতে চাইছে বলে খবর। বিশেষজ্ঞদের মতে, জ্বালানির মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ভীষণ প্রভাব ফেলবে।