ওঙ্কার ডেস্ক: মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলায় আবাসিক স্কুলের হস্টেলে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে তিন ছাত্রীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। একই ঘটনায় আরও তিন ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার গভীর রাতে জপটলাই গ্রামের একটি আবাসিক স্কুলের হস্টেলে মর্মান্তিক ঘটনাটি ঘটে। অল্প বয়সি তিন পড়ুয়ার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে হস্টেলের নিরাপত্তা ও পরিকাঠামো নিয়েও প্রশ্ন উঠেছে।
জানা গিয়েছে, রবিবার রাতে হস্টেলের একটি ঘরে ছয় ছাত্রী একসঙ্গে ঘুমোচ্ছিল। রাত আনুমানিক আড়াইটে নাগাদ আচমকাই ঘরের মধ্যে একটি বিষধর সাপ ঢুকে পড়ে। ঘুমন্ত অবস্থাতেই সাপটি একে একে ছয় ছাত্রীকে কামড়ায় বলে জানা গিয়েছে। পরে বিষয়টি নজরে আসতেই হস্টেল কর্তৃপক্ষ এবং স্থানীয়দের তৎপরতায় আক্রান্ত ছাত্রীদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার মধ্যেও তিন ছাত্রীর প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। মৃতদের মধ্যে রয়েছেন দীপিকা লাকড়া, সুস্মিতা মণ্ডল এবং অনু করেটি। তাঁদের মধ্যে দীপিকা ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং সুস্মিতা অষ্টম শ্রেণিতে পড়ত। তৃতীয় ছাত্রী অনু করেটিও ওই আবাসিক স্কুলের পড়ুয়া ছিলেন। অন্যদিকে, সাপের কামড়ে অসুস্থ আরও তিন ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা হলেন সম্রুদ্ধি নৈতাম, দীপিকা মাধবী এবং কবিতা কিরঙ্গা। তাঁদের মধ্যে সম্রুদ্ধি অষ্টম শ্রেণির, দীপিকা মাধবী পঞ্চম শ্রেণির এবং কবিতা ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তিনজনের শারীরিক অবস্থার উপর চিকিৎসকেরা নজর রাখছেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্কুল চত্বর এবং আশপাশের এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। একই ঘরে থাকা ছয় ছাত্রীর মধ্যে তিনজনের মৃত্যু এবং তিনজনের অসুস্থ হয়ে পড়ার ঘটনা স্বাভাবিকভাবেই অন্যান্য পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ করে কীভাবে একটি বিষধর সাপ হস্টেলের ঘরের মধ্যে ঢুকে পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।