ওঙ্কার ডেস্ক: ভুল দিকে চলে আসা এক গাড়ির ধাক্কায় মৃত্যু হল প্রাক্তন সেনা জওয়ানের। সোমবার ভোরে হায়দরাবাদের কাছে হাইদারশাকোটে এই দুর্ঘটনা ঘটে। গাড়িটি তিনটি বাইকে ধাক্কা দেওয়ার ফলে ৪৭ বছর বয়সী ওই প্রাক্তন সেনা জওয়ানের মৃত্যু হয়। এই ঘটনায় জখম হয়েছেন আরও দুজন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় মাহিন্দ্রা এসইউভি-গাড়িটি ভুল পথে চলছিল।
রিপোর্ট অনুসারে, নিহত ব্যক্তির নাম রবীন্দ্র। তিনি ভারতীয় সেনাবাহিনীতে সুবেদার পদে কর্মরত ছিলেন। দুর্ঘটনার ফলে জখম দুজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। নারসিংগি থানার ইন্সপেক্টর ডি বিষ্ণু বর্ধন রেড্ডি এই দুর্ঘটনা প্রসঙ্গে বলেন, ‘ভোর সাড়ে ৫টা নাগাদ ভুল পথে আসা এসইউভি গাড়িটি হাইদারশাকোটে তিনটি বাইককে ধাক্কা মারে। এর ফলে বাইকে থাকা তিন জনই আহত হন। তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয়।’ দুর্ঘটনার ফলে এসইউভি-টিও ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের এক আধিকারিক জানান, ধাক্কা দেওয়ার পর চালক দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূরে গাড়িটি রেখে পালিয়ে যান। প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় ঘাতক গাড়িতে দুজন আরোহী ছিলেন। দুর্ঘটনার সময় কে গাড়ি চালাচ্ছিলেন তা নিশ্চিত করতে পুলিশ সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণ খতিয়ে দেখছে।
তদন্তে জানা গেছে, গাড়িটি বি ক্রান্তি গৌড় নামে এক ব্যক্তির নামে নিবন্ধিত। অতিরিক্ত গতিতে চালানো ও ভুল জায়গায় পার্কিংয়ের জন্য গাড়িটির বিরুদ্ধে তিনটি ট্রাফিক চালান বকেয়া রয়েছে। চালক মদ্যপ ছিলেন কিনা, তা এখনও জানা যায়নি। নারসিংগি থানায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।