ওঙ্কার ডেস্ক: ডাকাতি-সহ একাধিক অভিযোগ ছিল, তার খোঁজে তল্লাশি অভিযানে গিয়েছিল পুলিশ। কিন্তু তদন্তকারীদের লক্ষ্য করে গুলি চালানোয় পাল্টা গুলি চালায় পুলিশও। সেই গুলিতে জখম হয়ে মৃত্যু হল অভিযুক্তের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুদাউন জেলায়। ডাকাতের সঙ্গে সংঘর্ষের সময় এক সাব-ইন্সপেক্টর ও এক জন কনস্টেবলও গুলিবিদ্ধ হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে একটি তল্লাশি অভিযানের সময় এই এনকাউন্টারের ঘটনা ঘটে। সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অঙ্কিতা শর্মা এ বিষয়ে বলেন, বুদাউন-বিজনোর রাস্তায় পুলিশের একটি দল জিতেন্দ্র ওরফে ধালু নামে ওই অভিযুক্তকে দাঁড়ানোর কথা বলে। কিন্তু সে পালানোর চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা জবাব দিলে জিতেন্দ্র (৩৫) গুলিবিদ্ধ হয়। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
পুলিশ জানিয়েছে, জখম দুই পুলিশ আধিকারিকের নাম নীরজ কুমার এবং কনস্টেবল অবিনাশ। ১৯ মে ইসলামনগর থানায় জিতেন্দ্রর বিরুদ্ধে একটি ডাকাতির অভিযোগ দায়ের হয়। তার পর থেকে পলাতক ছিল সে। এই মামলায় ডাকাত দলের সাত জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এসএসপি জানান, বরেলি রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ জিতেন্দ্রর জন্য ৫০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন। বুদাউন, আমরোহা, গৌতম বুদ্ধ নগর এবং অন্যান্য জেলায় দায়ের ডাকাতি, ছিনতাই এবং অন্যান্য গুরুতর অপরাধে অভিযুক্ত ছিল জিতেন্দ্র। পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে একটি পিস্তল, কার্তুজ এবং গয়না উদ্ধার হয়েছে।