ওঙ্কার ডেস্ক: বাদল অধিবেশনেই আসন পুনর্বিন্যাস বিল পাশ করাতে চাইছে কেন্দ্রীয় সরকার। সে কারণে আগামী ১৬ আগস্ট থেকে লোকসভায় ৩ দিনের বিশেষ অধিবেশন ডাকতে চলেছে মোদী সরকার। আগামী ১৮ আগস্ট পর্যন্ত চলবে এই অধিবেশন। সূত্রের খবর, এই অধিবেশনে মহিলা সংরক্ষণ বিলটিও পেশ করা হতে চলেছে।
আসন পুনর্বিন্যাস বিলটি পাস করাতে লোকসভায় দুই-তৃতীয়াংশ সমর্থন জরুরি সরকারের। তবে শুরু থেকেই কংগ্রেস-সহ বিরোধীরা সরকারের এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করে আসছে। কী ভাবে নিজেদের পক্ষে সমর্থন আদায় করা যাবে তা নিয়ে নানা অঙ্ক কষা শুরু করে দিয়েছে মোদী সরকার। বিরোধী দলগুলির সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে বিজেপি। বুধবারই কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সূত্রের খবর, সেই বৈঠকে রাহুল গান্ধীর কাছে জানতে চাওয়া হয় এই বিল প্রসঙ্গে। প্রায় এক ঘন্টার এই বৈঠকে ছিলেন সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও। তবে কংগ্রেসের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তারা এই বিল সমর্থন করবে না।
এদিকে তামিলনাড়ুর ডিএমকে-র সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে পদ্ম শিবির। ফলে, বিরোধী শিবিরে ভাঙনের আশঙ্কা করা হচ্ছে। ডিএমকে যদি বিলটিকে সমর্থন করে, তাহলে সরকারের পক্ষে প্রয়োজনীয় সংখ্যার অনেকটাই জোগাড় হয়ে যাবে।