ওঙ্কার ডেস্ক: ইজরায়েলের সঙ্গে সংঘাতের আবহে ইরানে আটকে পড়েছেন বহু ভারতীয়। তাদের মধ্যে বেশিরভাগই পড়ুয়া। শনিবার সেই আটকে পড়া ভারতীয়দের মধ্যে ২৫৬ জনকে নিয়ে দিল্লিতে অবতরণ করল বিশেষ বিমান। এঁদের মধ্যে বেশিরভাগই জম্মুকাশ্মীরের পড়ুয়া বলে জানা গিয়েছে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, অনেক পরিবার তাদের সন্তানদের জন্য উদ্বিগ্ন ছিল। যাতে তারা নিরাপদে দেশে ফিরে আসে সেই প্রার্থনা করছিল বাবামায়েরা। সেই আবহে ২৫৬ জনকে নিয়ে দিল্লিতে পৌঁছল বিশেষ বিমান। জম্মুকাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন জানিয়েছে, ইরানের সংঘাতপূর্ণ অঞ্চলে অনিশ্চয়তা এবং ভয়ের মধ্যে ছিল পড়ুয়ারা। ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সময়োপযোগী সমন্বয়ের জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছে ওই ছাত্র সংগঠনটি।
ইরান থেকে নিজের শিশু সন্তানকে নিয়ে ফিরে আসা এক মহিলা বিমানবন্দর থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমকে বলেন, ‘সেখানে পরিস্থিতি খারাপ ছিল। আমরা কিছু ক্ষেপণাস্ত্র হামলা দেখেছি।’ প্রসঙ্গত সব মিলিয়ে প্রায় ১,০০০ ভারতীয় নাগরিককে একাধিক বিশেষ বিমানের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। আরও দুটি বিশেষ বিমান আসার কথা রয়েছে। তার মধ্যে একটি তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাত থেকে রবিবার ভোর ৩টার দিকে পৌঁছানোর কথা রয়েছে।
উল্লেখ্য, ইজরায়েলের সঙ্গে সংঘাতের ফলে ইরানের আকাশসীমা বেশিরভাগ আন্তর্জাতিক বিমানের জন্য বন্ধ রয়েছে। এই আবহে নিরাপত্তার কথা মাথায় রেখে ভারতীয় পড়ুয়াদের সেই দেশ থেকে সরিয়ে আনার জন্য একটি বিশেষ করিডোর খুলে দিয়েছে ইরান। বুধবার ইরান থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে আনার জন্য ‘অপারেশন সিন্ধু’ শুরুর ঘোষণা করেছে ভারত
