ওঙ্কার ডেস্ক: মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকাল মন্দির দর্শনে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন একই পরিবারের তিন জন। মঙ্গলবার সকালে রাজগড় জেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে দ্রুতগতিতে এসে একটি গাড়ি ধাক্কা দেওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটে। নিহত তিন জনের বাড়ি রাজস্থানে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার ফলে জখম হয়েছেন আরও দু’জন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে ৫টা নাগাদ সারংপুর শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। রাজস্থানের ধোলপুরের সাত বাসিন্দা গাড়িতে চেপে মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরে মহাকাল মন্দির দর্শনে যাচ্ছিলেন। আগ্রা-মুম্বাই জাতীয় মহাসড়কে মাউ এর কাছে একটি খাবারের দোকানের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল একটি ডাম্পার। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ওই ট্রাকে ধাক্কা দেয়। সারংপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাহুল রঘুবংশী জানিয়েছেন, গাড়িতে ছিলেন এক বৃদ্ধা, তাঁর ছেলে ও পুত্রবধূ। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। গাড়ির চালক-সহ আরও দুজন গুরুতর জখম হয়েছেন। তবে দুটি শিশু অক্ষত অবস্থায় রয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, নিহতরা হলেন—সোমা ত্রিবেদী (৬৫), তাঁর ছেলে অঙ্কুর (৪২) এবং পুত্রবধূ অর্চনা (৪০)। গাড়ির পেছনের আসনে বসেছিল নিহত দম্পতির ১০ ও ১৪ বছর বয়সী দুই ছেলে। তাদের কোনও আঘাত লাগেনি। আহতদের চিকিৎসার জন্য শাজাপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো সারংপুর সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে।