ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক ঘটনা অন্ধ্রপ্রদেশের পোলাভারম এলাকায়। গোদাবরী নদীতে মাছ ধরতে গিয়ে পাঁচ মৎস্যজীবীর ডুবে মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিন মহিলা ও দুই পুরুষ রয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবারে।
পোলাভারম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার অমিত বারদার এ বিষয়ে জানান, শনিবার সকাল ১০টা নাগাদ ইয়েতাপাকা মণ্ডলে এই ঘটনা ঘটেছে। তিনি সংবাদ সংস্থাকে বলেন, ‘গুম্মা কোঠাগুডেম গ্রামে গোদাবরী নদীতে তিন নারী ও দুই পুরুষ-সহ পাঁচ জন ডুবে মারা গেছেন।’ মাছ ধরার সময় তাঁরা নদীর গভীর জলে চলে গিয়েছিলেন। পুলিশ সুপারের তথ্য অনুযায়ী, ১০ জনের একটি দল মাছ ধরতে গিয়েছিল নদীতে। তাঁদের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয় জলে ডুবে। তিনি জানান, মাছ ধরার সময় ওই দলের সদস্যরা একে অপরের হাত ধরে এবং কাপড় ও মশারি ব্যবহার করে নদীর জলে নেমেছিল।
তিনি বলেন, ‘জলের স্তর কম থাকলেও তাঁরা কিছুটা দূরে চলে গিয়েছিলেন। একটু বেশিই ঝুঁকি নিয়ে ফেলেছিলেন।’ ওই পুলিশকর্তা বলেন, পুলিশ ঘটনাটি জানার আগেই অনেকটা সময় পেরিয়ে গিয়েছিল। বারদার জানান, ডুবে যাওয়ার পর বাকি পাঁচ জন পুলিশকে খবর না দিয়ে নিজেরা খোঁজাখুঁজি শুরু করে। ফলে অনেকটা দেরি হয়ে যায় যখন পুলিশ গিয়ে পৌঁছয়।