নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি: যন্তর মন্তরে প্রতিবাদ দেখাতে গিয়ে গ্রেফতার হওয়া ককরোচ জনতা পার্টির দুই নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কার বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ আরও দু’দিন বাড়াল আদালত। সোমবার স্পেশ্যাল এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই নির্দেশ দেন।
গত ১৩ অক্টোবর নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে ঢোকার সময় তাঁদের আটক করা হয়। তারপর থেকেই তাঁরা হেফাজতে রয়েছেন।
এদিকে এই মামলায় নতুন মোড় এসেছে বিচারককে হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে। গত ১৮ অক্টোবর স্পেশ্যাল এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাঁকে হুমকি দিচ্ছেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে। সিজেপির অভিযোগ, এই হুমকির ঘটনাকে হাতিয়ার করেই ইচ্ছাকৃতভাবে জামিন প্রক্রিয়া ঝুলিয়ে রাখা হচ্ছে এবং বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করা হচ্ছে।
অন্যদিকে, একই আন্দোলনের সঙ্গে যুক্ত আইসা নেত্রী নেহা বোরাকে ১০ হাজার টাকার বন্ড জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল দিল্লি পুলিশ। সেই পুলিশি নোটিসের বিরোধিতা করে সোমবার দুপুরে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।