ওঙ্কার ডেস্ক: ক্রিকেট জগৎ থেকে তিনি রাজনীতির ময়দানে পা রেখেছেন প্রথম বার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পশ্চিমবঙ্গ থেকে জয়ী হয়েছেন। মমতার দলের টিকিটে সাংসদ হওয়া সেই ইউসুফ পাঠান কয়েক মাস আগে শিবির বদল করে এনসিপিআই শিবিরে নাম লিখিয়েছে। আর তার জন্য বিজেপির কাছ থেকে বড় উপহার পেলেন এই রাজনীতিবিদ। গুজরাটের বিজেপি সরকার বরোদায় তাঁর পরিবারের বাড়ির পাশের বিতর্কিত জমির অর্ধেক বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাকি অর্ধেকের জন্য নির্ধারিত মূল্য দিতে হবে তাঁকে। রাজনৈতিক অবস্থান বদলের কয়েক মাসের মধ্যেই এই সিদ্ধান্ত সামনে আসায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
রিপোর্ট অনুসারে বরোদার টান্ডালজা এলাকায় পাঠান পরিবারের বাড়ির পাশে জমিটি রয়েছে। প্রায় ১,০০০ বর্গমিটার আয়তনের এই জমি পাওয়ার জন্য ২০১২ সাল থেকে চেষ্টা চালিয়ে আসছেন ইউসুফ। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে নিজের নিরাপত্তার কথা উল্লেখ করে তিনি জমিটি চেয়েছিলেন। ওই বাড়িতে ইউসুফ ও তাঁর ভাই ইরফান পাঠান নিজেদের পরিবার এবং বাবা-মায়ের সঙ্গে থাকেন। অবশেষে দীর্ঘ আইনি ও প্রশাসনিক টানাপড়েনের পর জমি হস্তান্তরের বিষয়টি স্থির হয়েছে। সূত্রের দাবি, জমিটির অর্ধেক ইউসুফকে উপহার হিসেবে দেওয়া হবে। বাকি অর্ধেকের মূল্য তাঁকে মেটাতে হবে।
সরকারি সূত্রে পাওয়া খবর, দেশের হয়ে প্রতিনিধিত্ব করা বিশিষ্ট আন্তর্জাতিক ক্রীড়াবিদদের জন্য নির্ধারিত বিশেষ কল্যাণমূলক নীতির ভিত্তিতে এই বন্দোবস্ত করা হয়েছে। জমির বাকি অর্ধেকের মূল্য আনুমানিক ১০ কোটি টাকা বলে জানা গিয়েছে। এখন জমি হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের রাজস্ব দফতর এবং পুর প্রশাসনকে। স্থানীয় জনপ্রতিনিধিদের বক্তব্য, সাধারণত পুরসভার সম্পত্তি বাণিজ্যিক নিলামের মাধ্যমে হস্তান্তর করা হয়। তবে ক্রীড়াক্ষেত্রে উৎসাহ দেওয়ার নীতির আওতায় বিশেষ ছাড় দিয়ে সরাসরি বন্দোবস্তের সুযোগ রয়েছে।