ওঙ্কার ডেস্ক: ‘অন্য পুরুষের সঙ্গে প্রেমিকা সম্পর্কে জড়িয়ে পড়েছিল’ এমন সন্দেহের বশবর্তী হয়ে তরুণীকে খুজন করে মাটিতে পুঁতে দিল যুবক। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রাঁচি জেলায়। নদীর চর থেকে যুবতীর দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে আর ও তথ্য জানতে চাইছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রেমিকার বয়স ১৮ বছর। পরকীয়ার সন্দেহে তাঁকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করে অভিযুক্ত। পরে কাঞ্চি নদীর তীরে তার দেহ পুঁতে ফেলে। এক পুলিশ আধিকারিক জানান, নিহত তরুণীর নাম হিসি কুমারী। আর অভিযুক্ত যুবকের নাম চেতন মুন্ডা। গত ১৭ জুনএই হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও, দেহ উদ্ধার হয় ২৩ জুন। তদন্তে জানা গিয়েছে অভিযুক্ত যুবকের বয়সও ১৮ বছর। তাকে শনিবার গ্রেফতার করে পুলিশ। রাঁচি (গ্রামীণ) এসপি গৌরব গোস্বামী জানিয়েছেন, অভিযুক্তের কাছ থেকে নিহত তরুণীর মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় মুন্ডা নিজের অপরাধের কথা স্বীকার করেছে তদন্তকারীদের কাছে। সে জানিয়েছে, ১২ জুন সে তার প্রেমিকাকে গ্রামেরই অন্য এক যুবকের সঙ্গে দেখেছিল। এর ফলে তার মনে সন্দেহ তৈরি হয়, প্রেমিকা অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে বলে।
তদন্তে জানা গিয়েছে, ১৭ জুন চেতন মুন্ডা হিসি কুমারীকে নদীর তীরে ডাকে দেখা করার জন্য। প্রেমিকের ডাকে সাড়া দিয়ে নদীর তীরে পৌঁছন তরুণী। কিন্তু সম্পর্ক চালিয়ে যেতে নিজের অনিচ্ছার কথা জানান হিসি। আর এতেই রেগে যান চেতন। দুজনের মধ্যে তর্ক-বিতর্কও শুরু হয়। এক সময় শ্বাসরোধ করে হিসিকে খুন করে ওই যুবক। এর পর দেহ মাটিতে পুঁতে দেয়।