ওঙ্কার ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার সঙ্গে যোগ রয়েছে লস্কর ই তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সাইদের। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ সোমবার এই কাণ্ডে যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে তাতে নাম রয়েছে ওই কুখ্যাত জঙ্গির। ২০২৫ সালের এপ্রিলে জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে ওই জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। এদিন জম্মুর বিশেষ এনআইএ আদালতে জমা দেওয়া ওই চার্জশিইটে হাফিজ সাইদকে ব্যক্তিগতভাবে এবং লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’-এর প্রধান হিসেবে অভিযুক্ত করা হয়েছে।
সূত্রের খবর, হাফিজের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং ইউএপিএ-এর একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং আন্তঃসীমান্ত সন্ত্রাসী ষড়যন্ত্রের মতো গুরুতর অভিযোগও রয়েছে লস্কর প্রতিষ্ঠাতার বিরুদ্ধে। এনআইএ-এর এক আধিকারিক জানান, নতুন সাপ্লিমেন্টারি চার্জশিট তাদের মূল ১,৫৯৭ পৃষ্ঠার চার্জশিটের পরিপূরক হিসেবে কাজ করবে। এতে পাকিস্তান ও হাফিজ সাইদের ভূমিকা তুলে ধরা হয়েছে। এর আগে, ২০২৫ সালের ডিসেম্বরে এনআইএ পাকিস্তানি হ্যান্ডলার সাজিদ জাট, জুলাই মাসে ‘অপারেশন মহাদেব’-এ নিহত হওয়া তিন জঙ্গিকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছিল।
উল্লেখ্য, ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছিল। যে ঘটনার নেপথ্যে পাকিস্তানের হাত ছিল বলে অভিযোগ উঠেছিল। সেই মামলাটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এনআইএ-র কাছে হস্তান্তর করে। হামলার নেপথ্যে যে সীমান্ত পারের ষড়যন্ত্র রয়েছে, তা খুঁজে বের করতে এখনও কাজ করছে জাতীয় তদন্তকারী সংস্থা।