ওঙ্কার ডেস্ক: পরিবারকে সাহায্য করতে রাজধানী শহরে বেলুন বিক্রি করত ১০ বছরের শিশুকন্যা। অভিযোগ, তাকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করার পর খুন করেছে এক ট্যাক্সিচালক। দিল্লির মেহরৌলি এলাকায় এই ঘটনা ঘটেছে। তদন্তকারীরা জঙ্গল থেকে মেয়েটির মৃতদেহ উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ৫টা নাগাদ মেয়েটির পরিবার পুলিশকে নিখোঁজ হওয়ার বিষয়ে জানায়। পরিবারের অভিযোগ পাওয়ার পরেই মেহরৌলি পুলিশ মেয়েটিকে খুঁজে বের করতে তৎপরতা শুরু করে। ওই এলাকার কয়েক শো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। তদন্ত চলাকালীন এক সন্দেহভাজন ট্যাক্সি চালক সম্পর্কে তথ্য পায় পুলিশ। এর পর চার ঘন্টার মধ্যে তদন্তকারীরা অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম বাবলু (২৫)। একটি অ্যাপ ক্যাব চালায় সে। জিজ্ঞাসাবাদের মুখে সে নিজের অপরাধের কথা স্বীকার করেছে।
পুলিশি জেরায় অভিযুক্ত জানিয়েছে, মেহরৌলি এলাকার সিডিআর চকের কাছে একটি ফুটপাত থেকে মেয়েটিকে তুলে নিয়ে যায় সে। এরপর গুরুগ্রামের দিকে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মেয়েটির মৃতদেহ উদ্ধার করেছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। নির্যাতিতার পরিবার মূলত বিহারের বাসিন্দা। তারা আগে একটি ভাড়া বাড়িতে থাকত। কিন্তু কোনও কারণে এখন আর সেখানে থাকেন না। বর্তমানে ফুটপাতে বসবাস করতে শুরু করে। মেয়েটি বেলুন বিক্রি করে পরিবারকে অর্থ সাহায্য করত। তার বাবা-মা দিনমজুরের কাজ করেন।