ওঙ্কার ডেস্ক: রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য বড়সড় স্বস্তির খবর। ১৬ আগস্টের মধ্যে এলপিজি সংযোগের ই-কেওয়াইসি সম্পূর্ণ করার যে সময়সীমা নিয়ে এতদিন উদ্বেগ তৈরি হয়েছিল, তা বাড়িয়ে ২৩ আগস্ট করা হয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া শেষ করতে না পারা গ্রাহকেরা আরও কয়েক দিন সময় পেলেন। কেন্দ্রের এই সিদ্ধান্তে আপাতত স্বস্তি ফিরেছে গ্রাহক ও গ্যাস ডিস্ট্রিবিউটরদের মধ্যে। আধারভিত্তিক ফেস আইডি যাচাইয়ের মাধ্যমে এলপিজি গ্রাহকদের ই-কে ওয়াইসি করার প্রক্রিয়া বেশ কিছুদিন ধরেই চালু রয়েছে। ইন্ডেন, এইচপি এবং ভারত গ্যাস তিন সংস্থার গ্রাহকদেরই এই পরিচয় যাচাই সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছিল। চলতি বছরের মার্চ থেকেই এই নিয়ম বাধ্যতামূলক করা হলেও বহু গ্রাহক এখনও প্রক্রিয়াটি শেষ করে উঠতে পারেননি। ফলে ১৬ আগস্টের সময়সীমা ঘিরে শেষ মুহূর্তে ব্যাপক চাপ তৈরি হয়েছিল।
বিশেষ করে প্রবীণ গ্রাহক কিংবা যাঁদের স্মার্টফোন নেই, তাঁদের ক্ষেত্রে অনলাইনে ই-কেওয়াইসি করা নিয়ে সমস্যা দেখা দিয়েছে। আবার স্মার্টফোন থাকলেও অনেকেই সংশ্লিষ্ট গ্যাস সংস্থার অ্যাপ ডাউনলোড করে প্রক্রিয়াটি সম্পূর্ণ করার সঙ্গে পরিচিত নন। কোথাও কোথাও অ্যাপ বা ইন্টারনেট সংক্রান্ত প্রযুক্তিগত সমস্যার কারণেও কাজ আটকে থাকার অভিযোগ উঠেছে। ফলে সময়সীমা বাড়ানোর দাবি ক্রমশ জোরালো হচ্ছিল। এই পরিস্থিতিতে কেন্দ্রের তরফে ই-কেওয়াইসি সম্পূর্ণ করার সময়সীমা ২৩ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থাৎ ১৬ আগস্টের মধ্যেই সমস্ত গ্রাহককে প্রক্রিয়া শেষ করতে হবে এই চাপ আপাতত থাকছে না। তবে সময়সীমা বাড়লেও ই-কে ওয়াইসি করার প্রয়োজনীয়তা নিয়ে কোনও পরিবর্তন হয়নি। নির্দিষ্ট সময়ের মধ্যে পরিচয় যাচাই না করলে এলপিজি সংক্রান্ত সুবিধা পেতে সমস্যায় পড়তে হতে পারে গ্রাহকদের।
সবচেয়ে বড় উদ্বেগের জায়গা ভর্তুকি। ই-কেওয়াইসি সম্পূর্ণ না করলে গ্যাসের ভর্তুকি পাওয়া যাবে না এই সিদ্ধান্তে কেন্দ্র এখনও অনড় বলে জানা যাচ্ছে। ফলে যাঁরা ভর্তুকির আওতায় রয়েছেন, তাঁদের জন্য ই-কে ওয়াইসি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ই-কে ওয়াইসি না থাকলে একটি গ্যাস সিলিন্ডারের জন্য অনেক বেশি দাম দিতে হতে পারে বলেও গ্রাহকদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে।