ওঙ্কার ডেস্ক: নৃশংস ঘটনা গুজরাটে। এক ২৩ বছর বয়সী যুবককে অ্যাসিড পান করিয়ে এবং শ্বাসরোধ করে খুন করল বাবা মা। হত্যাকাণ্ডের পর ঘটনা ধামাচাপা দিতে পুরো বিষয়টিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে পরিবার। পরে ময়নাতদন্তের রিপোর্ট পুলিশের হাতে যাওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ৩০ জুন রাজকোটের গুন্ডালা গ্রামে।
তদন্তকারীরা জানান, মৃত যুবকের নাম রাম বাবুভাই বামভাভা। ২৩ বছর বয়সী ওই যুবকের মৃত্যুর পর তাঁর স্ত্রী শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, রাম নিয়মিত মদ্যপান করতেন। যে কারণে প্রায়ই তাঁর বাবা বাবুভাই (যিনি অতুলভাই ঘুঘভাই বামভাভা নামেও পরিচিত) এবং মা মনীষাবেনের (যিনি মোটিবেন নামেও পরিচিত) সঙ্গে ঝামেলা হতো। ঘটনার দিন, অর্থাৎ ৩০ জুন, মদ্যপান নিয়ে বাবা-মায়ের সঙ্গে ছেলের তুমুল বচসা হয়। অভিযোগ, উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝে তাঁর মা রামকে জোর করে অ্যাসিড পান করান। এরপর তাঁর বাবা এসে শ্বাসরোধ করে হত্যা করে।
গোটা বিষয়টি আত্মহত্যার চেষ্টা বলে চালানোর চেষ্টা হলেও পুলিশের কাছে ধরা পড়ে যান মৃত যুবকের বাবা মা। ময়নাতদন্তের রিপোর্টে দেখা যায়, বিষক্রিয়া এবং শ্বাসরোধের কারণেই রামের মৃত্যু হয়েছে। বাবুভাই ও মোটিবেনের বিরুদ্ধে মামলা দায়ের করে আরও তদন্ত চলছে। তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত বাবুভাই নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে ছেলেকে খুনের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। রামের বাবা এবং মা, দুজনকেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।