ওঙ্কার ডেস্ক: প্রেমিকের সঙ্গে হোটেলে উঠেছিলেন বিবাহিত তরুণী। কিন্তু রাতে প্রেমিক হোটেল থেকে বেরিয়ে যাওয়ার পর বন্ধুকে ভিডিও কল করে আত্মহত্যা করলেন তিনি। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের ল্যাঙ্গার হাউজ থানা এলাকায়। মৃত তরুণীর বয়স ২৬ বছর বলে তদন্তে জানা গিয়েছে। তিনি বিবাহিত হলেও স্বামীর থেকে আলাদা থাকতেন। একটি সন্তানও রয়েছে তাঁর। একটি রেস্তোরাঁ ও পাবে ওই তরুণী কাজ করতেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম রেণুকা। হায়দরাবাদের বোলারাম এলাকার বাসিন্দা ছিলেন। এর আগে মুকাবোলি এলাকায় থাকতেন ওই যুবতী। সংবাদ মাধ্যমকে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, শুক্রবার ভোরের দিকে হোটেলের রুম থেকে রেণুকাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। আট বছর আগে তাঁর বিয়ে হয়েছিল। সাত বছর বয়সী এক ছেলেও রয়েছে তাঁর। তবে স্বামীর থেকে আলাদা থাকতেন তিনি। ছয় মাস আগে ফারুক নামের এক ব্যক্তির সঙ্গে আলাপ হয় রেণুকার। দুজনের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। বৃহস্পতিবার ফারুকের সঙ্গে ওই হোটেলে উঠেছিলেন রেণুকা। হোটেলে ওঠার পর খাওয়ার জন্য বিরিয়ানি অর্ডারও করেছিলেন তাঁরা।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, রাতে একটি অনুষ্ঠানে যোগ দিতে ফারুক হোটেল রুম থেকে বেরিয়ে যান। এর পর রাত সাড়ে ১২টা নাগাদ রেণুকা তাঁর এক বন্ধুকে ভিডিও কল করেন। পরদিন যাঁর জন্মদিন ছিল। হোটেল রুমে গলায় ফাঁস দেওয়ার আগে ভিডিও কলে রেণুকা তাঁর বন্ধুকে বলেছিলেন, ‘তোমার জন্মদিনের উপহার আছে আমার কাছে।’ তদন্তকারীরা জানান, রেণুকা যাঁর সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সেই ফারুক গোলকুণ্ডার বাসিন্দা। তিনিও বিবাহিত। এমনকি তাঁর তিনটি সন্তান রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। ইতিমধ্যে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।