ওঙ্কার ডেস্ক: হাতে গুনে আর মাত্র কয়েকদিন। আগামী ৩ মার্চ থেকে কেরলের তিরুবনন্তপুরমে শুরু হতে চলেছে সে রাজ্যের অন্যতম বড় উৎসব আত্তুকাল পোঙ্গালা। হিন্দু সম্প্রদায়ের এই উৎসব উপলক্ষে বহু মানুষের সমাগম হয়। এই আবহে ভক্তদের বিশ্রামের জন্য মসজিদ এবং মুসলিমদের বাড়ি খুলে দেওয়ার ডাক দিলেন কেরলের ইমাম।
ইতিমধ্যে ওই ইমামের বক্তব্য ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। সেই ভিডিওতে পালায়াম ইমাম ভিপি সুহাইব মৌলভী বলেন, ‘আত্তুকাল পোঙ্গালা আর মাত্র কয়েকদিন বাকি। এটি একটি ভিন্ন ধর্মের উৎসব, তাই আমরা আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করি না, তবে আমরা তিরুবনন্তপুরমে যত বেশি অতিথি আসবেন তাদের আতিথ্য দিতে পারি।’ তিনি আরও বলেন, ‘এবারও পবিত্র রমজান মাসে পোঙ্গালা পালিত হচ্ছে। আমাদের অবশ্যই আনন্দ, ভ্রাতৃত্ব এবং ভালোবাসার চেতনা ভাগ করে নিতে হবে পোঙ্গালা পালনের জন্য আসা আমাদের বোন এবং তাদের সন্তানদের সঙ্গে।’
মুসলিম ধর্মীয় নেতা বলেন, গোটা সম্প্রদায় হিন্দু ভক্তদের স্বাগত জানাবে। সেই সঙ্গে পানীয় জল ও খাবারের ব্যবস্থা করবে। তাদের বিশ্রামেরও বন্দোবস্ত করা হবে বলে জানান তিনি। তিনি বলেন, ‘ভক্তদের জন্য বিশ্রামের ব্যবস্থা করা উচিত। আমাদের মসজিদ এবং ঘরবাড়ি তাদের জন্য খুলে দেওয়া উচিৎ। এটি আমাদের ভালবাসা এবং ভ্রাতৃত্বের প্রকাশ।’ মাওলানার বক্তব্য সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসা করছেন নেটিজেনরা। এটিই কেরলের প্রকৃত ছবি বলে অনেকে মন্তব্য করেছেন।
