ওঙ্কার ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ঘোষণার পরই মার্কিন সফরে গেলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার আমেরিকায় গেছেন জয়শঙ্কর। সূত্রের খবর, সেখানে পৌঁছেই তিনি একের পর এক বৈঠক করেন মার্কিন প্রশাসনের শীর্ষ নেতাদের সঙ্গে। বাণিজ্য, প্রতিরক্ষা, পারমাণবিক সহযোগিতা এবং প্রযুক্তিখাতে সম্পর্ক আরও মজবুত করতে বিদেশমন্ত্রীর এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
জয়শঙ্কর তাঁর সফরের প্রথম বৈঠক করেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সঙ্গে। কর্মকর্তাদের মতে, দুই দেশের নতুন বাণিজ্য চুক্তি কার্যকর করা নিয়ে মূল আলোচনা হয়েছে। দ্বিতীয় বৈঠকটি হয় মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিয়োর সঙ্গে। দুই দেশের বাণিজ্য, প্রতিরক্ষা, নিউক্লিয়ার শক্তি, প্রযুক্তি, গুরুত্বপূর্ণ খনিজ, আঞ্চলিক পরিস্থিতি- সব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর। রুবিয়ো জানান, গুরুত্বপূর্ণ খনিজ এবং নতুন অর্থনৈতিক সুযোগ নিয়ে সহযোগিতার বিষয়টি এই বৈঠকের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল।
পাশাপাশি মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছেন, বুধবার ওয়াশিংটনে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘ক্রিটিক্যাল মিনারেলস মিনিস্টিরিয়াল’। ৫০টির বেশি দেশের প্রতিনিধি সেখানে উপস্থিত থাকবেন। এই বৈঠকের লক্ষ্য, যে গুরুত্বপূর্ণ খনিজগুলো দিয়ে প্রতিরক্ষা সরঞ্জাম, প্রযুক্তিপণ্য, ব্যাটারি, ক্লিন এনার্জি তৈরি হয়, সেগুলোর সরবরাহ যাতে নিরাপদ থাকে এবং এক দেশে নির্ভরতা কমানো যায়।
বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় জয়শঙ্কর লেখেন, দু’দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক এগোনোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
মার্কিন শুল্ক কমানোর ফলে ভারতীয় উৎপাদনকারী সংস্থাগুলি, বিশেষ করে ফার্মা, ম্যানুফ্যাকচারিং, রিনিউয়েবল এনার্জি এবং আইটি সেক্টর উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে জয়শঙ্কর বলেন, এই চুক্তি দেশে কর্মসংস্থান ও শিল্পের উন্নতিতে সাহায্য করবে এবং ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পকে আরও এগিয়ে নিয়ে যাবে। সব মিলিয়ে বিদেশমন্ত্রীর এবারের মার্কিন সফর যে গুরুত্বপূর্ণ, তা এক কথায় বলাই যায়।
