ওঙ্কার ডেস্ক: রাশিয়ার অপরিশোধিত তেল ক্রয়কারী দেশগুলোর ওপর আরও শুল্ক আরোপের আগে ভারত এবং বিশ্ব তেলের বাজারের ওপর এর প্রভাব বিবেচনার জন্য ওয়াশিংটনকে অনুরোধ করলেন জেপিমরগ্যান চেজ-এর সিইও জেমি ডিমন।
একটি সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে ডিমন বলেন, প্রস্তাবিত নিষেধাজ্ঞা ও শুল্ক কীভাবে বাস্তবায়ন করা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বোঝা উচিত, ভারতীয় তেল শোধনাগারগুলোতে রাশিয়ার তেল কীভাবে ব্যবহৃত হয়। পাশাপাশি ভারতের সঙ্গে আলোচনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘আমি আশা করি আমেরিকা সমস্ত বিষয়গুলো বুঝবে এবং রাশিয়াকে মোকাবিলা করার জন্য যা করা দরকার, তা করতে গিয়ে ভারত এবং বিশ্ব তেলের বাজারকে শাস্তি দেবে না।’ তিনি আরও বলেন, ‘তেলের ওপর কোনও ধরনের শুল্ক আরোপ করা উচিত বলে আমি মনে করি না।’
উল্লেখ্য গত সপ্তাহে ট্রাম্প রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করে এটিকে আইনে পরিণত করেছেন। যাতে বলা হয়েছে রাশিয়ার তেল ও গ্যাস ক্রয়কারী দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের কথা। রাশিয়ার তেলের অন্যতম বৃহত্তম ক্রেতা হলো ভারত ও চিন। জেপি মরগ্যানের সিইও বলেন, ভারতে আমদানি করা কিছু তেল নির্দিষ্ট শোধনাগারের চাহিদা অনুযায়ী প্রক্রিয়াজাত করা হয়। তাই অন্য জায়গা থেকে আনা অপরিশোধিত তেল দিয়ে এটি করা সহজ নাও হতে পারে।