ওঙ্কার ডেস্কঃ বছর শেষের আগেই বাড়ছে রেলের খরচ। সূত্রের খবর, আগামী ২৬ ডিসেম্বর থেকে বাড়তে চলেছে দুরপাল্লার ট্রেনের ভাড়া। ভারতীয় রেলের তরফে নতুন ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে। বাড়তে থাকা খরচ সামাল দিতেই রেলের ভাড়ার বৃদ্ধির সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। রেলের দাবি, নতুন ভাড়ায় রাজস্ব আয় বাড়বে ৬০০ কোটি টাকা। কিন্তু ট্রেনের ভাড়া বাড়ায় সমস্যায় পড়বেন সাধারণ মানুষ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
সূত্রের খবর, নন-এসি কোচে মেল এবং এক্সপ্রেস ট্রেনের ভাড়া প্রতি কিলোমিটারে ২ পয়সা বাড়ানো হয়েছে। অন্যদিকে এসি কোচের ভাড়াও প্রতি কিলোমিটারে ২ পয়সা বৃদ্ধি করা হয়েছে।
রেলের তরফে জানানো হয়েছে, নন-এসি কোচে ৫০০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করলে অতিরিক্ত ১০ টাকা দিতে হবে। তবে সাধারণ শ্রেণিতে ২১৫ কিলোমিটার পর্যন্ত ভ্রমণের জন্যও কোনও ভাড়া বৃদ্ধি করা হয়নি। দুরপাল্লার যাত্রায় ভাড়া বাড়লেও লোকাল ট্রেনের ভাড়া বাড়ানো হয়নি। বাড়ছেনা মান্থলি টিকিটের খরচও।
রেলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, কর্মীদের জন্য খরচ বেড়েছে ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা। পাশাপাশি পেনশনের খরচ বেড়েছে ৬০ হাজার কোটি টাকা। সবমিলিয়ে ২০২৪-২৫ অর্থবর্ষে রেলের মোট খরচ বেড়েছে ২ লক্ষ ৬৩ হাজার কোটি টাকা। বাড়তি খরচ সামলাতেই রেলের ভাড়া বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
