ওঙ্কার ডেস্ক: শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, আর তার জেরে জীবন্ত অবস্থায় পুড়ে মৃত্যু হল আট জনের।বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বাণিজ্যিক রাজধানী ইন্দোরের তিলক নগর এলাকায়। নিহতরা একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে এক শিশু এবং দুই মহিলা রয়েছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
রিপোর্ট অনুসারে, বুধবার ভোর ৪টা নাগাদ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। অনুমান করা হচ্ছে, ব্রিজেশ্বরী এনক্লেভ কলোনির ওই বাড়ির বাইরে একটি বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়া হচ্ছিল। সেই সময় শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। বাড়ির ভেতরে থাকা একাধিক এলপিজি সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার পর আগুনের তীব্রতা বহুগুণ বেড়ে যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। ইন্দোরের পুলিশ কমিশনার সন্তোষ সিং জানান, খবর পাওয়ার পরপরই দমকলের ইঞ্জিন এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। তিনি বলেন, ‘বাড়িটি থেকে তিন জনকে জীবিত উদ্ধার করা হলেও, ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাড়িতে একাধিক এলপিজি গ্যাস সিলিন্ডার থাকায় এবং সেগুলোর বিস্ফোরণের কারণেই সম্ভবত আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বহুতল বিশিষ্ট ওই বাড়িতে ইলেকট্রনিক লক ব্যবস্থা ছিল; শর্ট সার্কিটের ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সেই লকটি জ্যাম হয়ে যায়। যার ফলে উদ্ধারকাজে কিছুটা দেরি হয়।’ তিনি আরও জানান, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে কয়েকজন দমকলকর্মী ও পুলিশ কর্মী সামান্য আহত হয়েছেন।
ইন্দোরের এমওয়াই হাসপাতালের তরফে জানানো হয়েছে, আট জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে এক জনের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, ওই বাড়িতে প্রায় দশটি এলপিজি সিলিন্ডার মজুত ছিল; তবে এত সিলিন্ডার কেন মজুত রাখা হয়েছিল, তার সঠিক কারণ এখনও জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত চলছে।
