ওঙ্কার ডেস্ক: জম্মুকাশ্মীরের রাজৌরিতে নিয়ন্ত্রণরেখা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় সেনা। শুক্রবার রাতে সীমান্তের ওই এলাকায় প্রায় দুই ঘণ্টা ধরে ব্যাপক গোলাগুলি চলে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদীরা অনুপ্রবেশের চেষ্টা করেছিল। কিন্তু জঙ্গিদের সেই চেষ্টা ভেস্তে দেয় ভারতীয় সেনা।
রিপোর্ট অনুসারে, শনিবার সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ পাকিস্তানের দিক থেকে কোনও উসকানি ছাড়াই গুলিবর্ষণ শুরু হয়। সীমান্তে পাহারারত ভারতীয় সেনার জওয়ানরা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে পাল্টা জবাব দেওয়া শুরু করে। যদিও গুলি বিনিময়ের ফলে কোনও হতাহতের খবর মেলেনি। অনুপ্রবেশকারীরা ওই জায়গায় আছে কিনা তা নিশ্চিত করতে শনিবার সকালে তল্লাশি অভিযান শুরু করেছে বাহিনী। এলাকায় কঠোর নজরদারি চালানো হচ্ছে। বিশ্লেষকদের মতে, অভ্যন্তরীণ অস্থিরতা থেকে মনোযোগ সরানোর লক্ষ্যেই পাকিস্তান নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাগুলির পথ বেছে নিয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে ‘অপারেশন সিঁদুর’-এর পর নিয়ন্ত্রণরেখায় এটিই প্রথম বড় কোনও যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা। এর আগে ৮ থেকে ১০ রাউন্ড গুলি চালানোর মতো ছোটখাটো ঘটনা ঘটেছিল। গত বছরের ৭ থেকে ১০ মে পর্যন্ত ‘অপারেশন সিঁদুর’-এর ঠিক পরেই পাকিস্তান ব্যাপক পাল্টা হামলা চালিয়েছিল। ভারতীয় সেনার কাছে ল্যাজেগোবরে হয়ে মে মাসের দ্বিতীয় সপ্তাহে পাক বাহিনী প্রায় ১৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে পুঞ্চ ও রাজৌরি সেক্টরে গোলাগুলি চালিয়েছিল। অপারেশন সিঁদুর অভিযানের সময় ভারতের বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছিল। তার মধ্যে ছিল মুরিদকে-তে অবস্থিত লস্কর-ই-তৈবার সদর দফতর এবং বাহাওয়ালপুরে জইশ-ই-মহম্মদের সদর দফতরও।