ওঙ্কার ডেস্ক: জম্মু-কাশ্মীরের কিশতওয়ারে নিখোঁজ এক স্পেশাল পুলিশ অফিসারের (এসপিও) দেহ উদ্ধার হল বাড়ির কাছ থেকে। শুক্রবার নিজের ঘরের কাছেই তাঁর দেহ মেলে। মৃতের নাম বশির আহমেদ (৫৫) সার্ভিস রাইফেল নিয়ে ওই পুলিশ আধিকারিক নিখোঁজ হয়েছিলেন। পরে সেটিও উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বশির আহমেদ কিশতওয়ারের ওয়ানিপোরা ত্রিগাম এলাকার বাসিন্দা। ২০২৫ সাল থেকে তিনি পেদিল পুলিশ পোস্টে কর্মরত ছিলেন। তাঁর কাছে একটি সেলফ-লোডিং রাইফেল (এসএলআর) এবং একটি ম্যাগাজিন ছিল।বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ তিনি বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু দীর্ঘক্ষণ কেটে গেলেও বাড়িতে পৌঁছননি। উদ্বিগ্ন হয়ে তাঁর স্ত্রী পুলিশ পোস্টে যান। বাড়ি থেকে ওই পোস্টে হেঁটে যেতে প্রায় ১০ মিনিট লাগে। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, বশির ইতিমধ্যেই বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন।
এর পরেও তিনি বাড়ি না ফেরায় পুলিশকে খবর দেন তাঁর স্ত্রী। খবর পেয়েই তল্লাশি শুরু করে পুলিশ ও নিরাপত্তাবাহিনী। এলাকার বিভিন্ন দিকে পুলিশকর্মীদের পাঠানো হয়। নিখোঁজ এসপিওর মোবাইলের অবস্থান শনাক্ত করারও চেষ্টা চলে। শুক্রবার সকালে বাড়ির পিছনে বশিরের দেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থল থেকে তাঁর সার্ভিস রাইফেলটিও উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (এফএসএল) দল। তারা বিভিন্ন নমুনা ও প্রমাণ সংগ্রহ করছে। এই ঘটনায় অপরাধমূলক যোগের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এখনও মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে।