নিজস্ব সংবাদদাতা: ফের প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচটকা উপদ্বীপ। শুক্রবার দুপুরে প্রশান্ত মহাসাগরীয় এই অত্যন্ত ভূকম্পপ্রবণ অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজি সেন্টার (EMSC)।
সংস্থার তাদের তথ্য অনুযায়ী রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭। এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৪০ কিলোমিটার গভীরে আঘাত হানে এই ভূমিকম্প, যার কেন্দ্রস্থল ছিল ভিলিউচিনস্ক শহর থেকে প্রায় ১২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। স্থানীয় সময় দুপুর ৩টে ৩৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়।
প্রশান্ত মহাসাগরকে ঘিরে থাকা ‘রিং অফ ফায়ার’ নামে পরিচিত ভূগঠনিক বলয়ের উপর অবস্থিত হওয়ায় কামচটকা উপদ্বীপটি বরাবরই ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে পরিচিত। গত বছরও এখানে ৮.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছিল যার জেরে উপকূলীয় অঞ্চলে ভয়াল সুনামি দেখা দিয়েছিল। কার্যত জলের নিচে তলিয়ে গেছিল বহু গ্রাম। এমতাবস্থায় ফের সেই স্মৃতি ফিরিয়ে রিখটার স্কেলে ৭ মাত্রার কেঁপে উঠল ওই এলাকা। যার জেরে স্বাভাবিকভাবেই ব্যাপক আতঙ্কে রয়েছেন সেখানকার সাধারণ মানুষ। ক্ষয়ক্ষতির আশঙ্কাও তৈরি হয়েছে। যদিও এখনও পর্যন্ত হতাহত বা সম্পত্তি ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি বলেই জানিয়েছে প্রশাসন।