ওঙ্কার ডেস্কঃ এসআইআর কাণ্ডে ক্ষতিগ্রস্তদের পরিবারকে দিল্লির বঙ্গভবনে হেনস্থার অভিযোগে লোকসভার ওয়েলে নেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনে দাঁড়িয়ে ‘ধিক্কার’ স্লোগান তুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আবু তাহের খান।
সূত্রের খবর, সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবের উপর বক্তৃতা করছিলেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। ঠিক সে সময় ওয়েলে নেমে এসে মোদী-শাহের আসনের সামনে ‘ধিক্কার ধিক্কার’ স্লোগান দিতে থাকেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কয়েক সেকেন্ড পরে আবু তাহের খানও ওয়েলে নেমে এসে ধিক্কার স্লোগান তোলেন। স্পিকার ওম বিড়লা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এমন আচরণ থেকে বিরত হতে অনুরোধ জানান। তার পরেও স্লোগান দিতে থাকেন দুই তৃণমূল সাংসদ। শেষ পর্যন্ত স্পিকার লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীকে ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবের বক্তৃতার জন্য আমন্ত্রণ জানানোর পর তৃণমূল সদস্যেরা চুপ করেন। ও নিজেদের আসনে ফিরে যান।
পশ্চিমবঙ্গে সম্প্রতি বেশ কয়েকটি মৃত্যুর জন্য এসআইআরকে দায়ী করেছে মৃতদের পরিবার। সেই সমস্ত পরিবারের সদস্যদের দিল্লিতে নিয়ে গিয়েছেন মমতা। তাঁদের রাখা হয়েছে বঙ্গভবনে। সোমবার সকাল থেকে বঙ্গভবনের সামনে দিল্লি পুলিশের তৎপরতা চোখে পড়ে। সেখানে মুখ্যমন্ত্রী যান। এবং দিল্লি পুলিশের উপর তোপ দাগেন।
