ওঙ্কার ডেস্ক: জম্মু ও কাশ্মীরে ফের নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলা। গোপন সূত্রে জঙ্গিদের উপস্থিতির খবর পাওয়ার পর ভারতীয় সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস, জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি) এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী যৌথভাবে এলাকাজুড়ে চিরুনি তল্লাশি অভিযান শুরু করে। এরপরই চানপোরা গ্রামে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালাতে শুরু করলে পালটা জবাব দেয় বাহিনী। শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই গুলির লড়াই রাতভর চলার পর শেষ পর্যন্ত দুই জঙ্গিকে খতম করা হয়।
নিরাপত্তা সূত্রে জানা গিয়েছে, নিহত জঙ্গিদের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তার নাম জাকির আহমদ গনি। সে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার বাসিন্দা এবং পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা-র সক্রিয় সদস্য বলে দাবি তদন্তকারী সংস্থার। নিরাপত্তা বাহিনীর নথিতে তাকে ‘এ++’ শ্রেণির সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তার বিরুদ্ধে উপত্যকায় একাধিক জঙ্গি হামলা, নিরাপত্তা বাহিনীর উপর আক্রমণ এবং সন্ত্রাসমূলক কার্যকলাপের অভিযোগ ছিল। এছাড়াও গত বছরের পহেলগাঁও হামলার তদন্তেও তার নাম উঠে এসেছিল বলে গোয়েন্দা সূত্রের দাবি।
অন্য নিহত জঙ্গির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য যুদ্ধসামগ্রী উদ্ধার হয়েছে। গোটা এলাকা এখনও নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে রয়েছে এবং আরও কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। নিরাপত্তা বাহিনীর দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালানোর ফলেই বড় ধরনের নাশকতার ছক ভেস্তে দেওয়া সম্ভব হয়েছে। কাশ্মীরে জঙ্গি দমনে ধারাবাহিক অভিযানের মধ্যেই এই সাফল্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।