ওঙ্কার ডেস্ক: ভারী বর্ষণের ফলে ভূমিধসের কারণে মৃত্যু হল দুই পরিযায়ী শ্রমিকের। অরুণাচল প্রদেশের লোহিত জেলার তেজুর কাছে শিবাজি নগর এলাকায় এই বিপর্যয় ঘটেছে। ভূমিধসের ফলে চার জন আহত হয়েছেন বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। সূত্রের খবর, পাহাড়ের একাংশ ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচে পাঁচ জন আটকে পড়েন। তবে তাদের মধ্যে এক জন নিজে থেকেই বেরিয়ে আসতে সক্ষম হন।
উদ্ধার অভিযানে নেমে দুটি মৃতদেহ উদ্ধার করেছে প্রশাসন। মনে করা হচ্ছে নিহত ও আহতরা ওই এলাকার একটি স্থানীয় নির্মাণ প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। লোহিত জেলা প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ শুরু করেছেন। আটকে পড়া বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য করার জন্য এসডিআরএফ ও অরুণাচল প্রদেশ পুলিশের বাহিনী মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে, অবিরাম ভারী বর্ষণের ফলে খোন্সার পোস্ট অফিসের কাছে খোন্সা-লাজু রাস্তার প্রায় ১১০ মিটার অংশ ধসে পড়েছে। এর ফলে সেখানে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তিরাপ জেলার বেশ কয়েকটি গ্রাম ও গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ বিচ্ছন্ন হয়ে গিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটি লাজু প্রশাসনিক সার্কেলের আওতায়। লাপনান, খেতি, থিনসা এবং তুতনু ব্লকের একাধিক গ্রাম-সহ ১৬টি গ্রামকে এই রাস্তা সংযুক্ত করেছে। এর আগে আবহাওয়া দফতরের তরফে অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকায় বজ্রপাত-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। ঝুঁকিপূর্ণ জেলাগুলোর জন্য কমলা সতর্কতা জারি করে আকস্মিক বন্যা, ভূমিধস ও জলমগ্ন পরিস্থিতির আশঙ্কার কথা জানিয়েছিল হাওয়া অফিস।