ওঙ্কার ডেস্ক: বলিউড তারকা আমির খানকে হুমকি কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের। সম্প্রতি তৃতীয় বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা। আর এই বিষয়টি মেনে নিতে পারেনি এই গ্যাং। সমাজ মাধ্যমে এক পোস্টে লরেন্স বিষ্ণোই গ্যাং হুমকি দিয়ে বলেছে, আমির খানকে আর বরদাস্ত করা হবে না।
অভিযোগ, লরেন্স বিষ্ণোইয়ের ভাই আরজু বিষ্ণোই এবং টাইসন বিষ্ণোই নামে আরেক জন এই হুমকি দিয়েছে। ওঙ্কার বাংলা স্বাধীন ভাবে ওই পোস্টটির সত্যতা যাচাই করেনি। সেটিতে বলা হয়েছে, আমির খান দেশে ‘লাভ জিহাদ’-এর প্রচার চালাচ্ছেন। লেখা হয়েছে, ‘আমি, আরজু বিষ্ণোই এবং টাইসন বিষ্ণোই (লরেন্স বিষ্ণোই গ্রুপ) বলতে চাই, আমির খানের মতো ব্যক্তিরা আমাদের দেশে তথাকথিত ‘লাভ জিহাদ’-এর প্রচার চালাচ্ছেন, যা আমাদের সংস্কৃতির পরিপন্থী। আমরা এই ব্যক্তিকে বরদাস্ত করব না। শীঘ্রই তাঁকে এর পরিণাম ভোগ করতে হবে। এটি সনাতন ধর্ম ও দেশের স্বার্থের পরিপন্থী।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমাদের ভাই-বোন ও দেশবাসীকে আমরা কথা দিচ্ছি, যারা এ ধরনের ঘৃণ্য কাজের প্রচার করবে, তাদের বিরুদ্ধে আমরা আমাদের নিজস্ব পদ্ধতিতে ব্যবস্থা নেব। যারা তারকাখ্যাতির দোহাই দিয়ে এসব কাজে উৎসাহ জোগাচ্ছে, তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে।’ গত মাসে রাজস্থানের শ্রী গঙ্গানগরে ১৩ বছর বয়সী এক কিশোরীর অপহরণ ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। গ্যাংস্টাররা সেই ঘটনার কথাও উল্লেখ করেছে। প্রশাসন দ্রুত পদক্ষেপ নেওয়ায় প্রশংসাও করেছে তারা। তবে মুম্বই পুলিশ এখনও আমির খানের পক্ষ থেকে কোনও অভিযোগ পায়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।