ওঙ্কার ডেস্ক: দেশের নতুন চিফ অফ আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ। মঙ্গলবার তিনি এই দায়িত্ব নিয়েছেন। জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হলেন ধীরজ শেঠ। জেনারেল দ্বিবেদী সেনা বাহিনীতে ৪০ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছেন। মঙ্গলবারই তিনি অবসর গ্রহণ করেছেন। ২০২৮ সালের ৩১ অগস্ট পর্যন্ত এই পদে নিযুক্ত থাকবেন তিনি।
লেফটেন্যান্ট জেনারেল ধীরজ পুণের খড়কওয়াসলায় ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ)-র প্রাক্তন ক্যাডার। আর্মার্ড কোরের অফিসার হিসাবে ১৯৮৬ সালের ডিসেম্বরে তিনি নিযুক্ত হন। দক্ষতার সঙ্গে তিনি কাজ করায় একাধিক পদকও পেয়েছেন কর্মজীবনে। ২০২২ সালে ‘অতি বিশিষ্ট সেবা পদক’ পান জেনারেল শেঠ। এর পর ২০২৫ সালে ‘পরম বিশিষ্ট সেবা পদক’ পান এবং ২০২৬ সালে ‘উত্তম যুদ্ধ সেবা পদক’ও লাভ করেন। সাউথ ওয়েস্টার্ন কমান্ড এবং সাদার্ন কমান্ড উভয়েরই দায়িত্বে ছিলেন তিনি। জম্মুকাশ্মীরে জঙ্গিদমনের জন্য কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সেও নেতৃত্ব দিয়েছেন জেনারেল ধীরজ শেঠ। ‘সুদর্শন চক্র কোর’-এরও নেতৃত্ব দিয়েছেন তিনি।
এক দক্ষ সামরিক ব্যক্তিত্ব হিসেবে জেনারেল শেঠ পেশাগত সামরিক শিক্ষা ক্ষেত্রে ধারাবাহিক শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন। বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে শীর্ষস্থান অধিকার করেছেন তিনি। ‘হায়ার কমান্ড কোর্স’ এবং ‘ন্যাশনাল ডিফেন্স কলেজ’-এর স্নাতক জেনারেল শেঠ প্যারিসে মর্যাদাপূর্ণ ‘কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স’-এও অংশগ্রহণ করেছেন। তাঁর এই অংশগ্রহণ তাঁর কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং সমসাময়িক সামরিক বিষয় সম্পর্কে গভীর বোঝাপড়ারই প্রতিফলন বলে মনে করা হয়।