ওঙ্কার ডেস্ক: বিবাহিত মহিলা। কিন্তু স্বামীর সঙ্গে ঝামেলার কারণে পৃথক থাকছিলেন তিনি। এই পরিস্থিতি আরও দুই পুরুষের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। বিবাহিত ওই মহিলার সঙ্গে মধ্যরাতে দেখা করতে গিয়ে হামলার মুখে পড়লেন তাঁর প্রথম প্রেমিক। ধারালো অস্ত্র দিয়ে ওই যুবকের উপর হামলা করেন মহিলার দ্বিতীয় প্রেমিক। এই ঘটনায় আক্রান্ত যুবকের হাত কাটা পড়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কর্নাটকের চিক্কামাগালুরু জেলায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত যুবকের নাম অরুণ। বয়স ২৮ বছর। এনআর পুরা তালুকের বালিহন্নুরের কাছে হুভিনাহাকলু গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার ওই বিবাহিত মহিলার বাড়িতে গিয়েছিলেন অরুণ। সেখানে পৌঁছানোর পর শেষাগিরি নামের এক যুবক তার উপর হামলা করে। শেষাগিরি ওই নারীর আরেক জন প্রেমিক বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, অরুণ এবং শেষাগিরি দুজনের সঙ্গেই ওই মহিলার প্রেমের সম্পর্ক ছিল। স্বামীর থেকে আলাদা থাকছিলেন তিনি। তদন্তকারীদের অনুমান, এই সম্পর্ককে কেন্দ্র করেই বিরোধের সূচনা হয়। ওই মহিলার বাড়ির বাইরে শেষাগিরি ধারালো অস্ত্র দিয়ে অরুণকে আক্রমণ করেন। এতে অরুণ গুরুতর জখম হন। তার একটি হাত আলাদা হয়ে যায়। চিকিৎসার জন্য প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য অরুণকে ম্যাঙ্গালুরুর একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। এদিকে হামলাকারতী ঘটনার পর থেকে পলাতক। তাকে খুঁজে বের করতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।