ওঙ্কার ডেস্ক: রাজধানী শহরে ভয়াবহ ঘটনা। চলন্ত গাড়িতে এক তরুণীকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ। নির্যাতিতার বয়স ২৪ বছর বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ঘটনার ভিত্তিতে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। দিল্লিতে এমন ঘটনা ঘটায় রাজধানী শহরে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
নির্যাতিতার অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি তাঁর পূর্ব পরিচিত। মোমো খাওয়ানোর কথা বলে তাঁকে ডেকে বাইরে নিয়ে যায় সে। পরে গাড়িতে করে তাঁকে একটি নির্জন রাস্তার দিকে নিয়ে যায়।
সেই চলন্ত গাড়ির মধ্যে অভিযুক্ত অশ্লীল মন্তব্য করে তরুণীর উদ্দেশে। শুধু তাই নয় তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। আপত্তিকরভাবে তরুণীর শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করে। এমন চলতে থাকলে বাধা দেন নির্যাতিতা। এমনকি তিনি গাড়ি থেকে নেমে যেতে চাইলেও তাঁকে আটকে রাখে অভিযুক্ত। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করেন তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে পূর্ব দিল্লির মান্ডাওয়ালি পুলিশ একটি এফআইআর দায়ের করেছে।
নির্যাতিতার ধারণ করা ভিডিওতে দেখা গিয়েছে, অভিযুক্ত নানান ভাবে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা করছে। তার হাত থেকে বাঁচতে নির্যাতিতা কাতর আর্জি জানান ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু কোনও ভ্রুক্ষেপ না করে সে অত্যাচার চালিয়ে যেতে থাকে। এক সময় বাধ্য হয়ে ওই তরুণী চলন্ত গাড়ির জানালা দিয়ে লাফ দেন। ভিডিওতে তরুণীকে বলতে শোনা যায়, ‘তুমি যদি আমাকে স্পর্শ করো, তবে আমি গাড়ির সামনে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দেব।’ তিনি আরও বলেন, ‘আমি তোমাকে শরীর স্পর্শ করতে দেব না।’ ভিডিওতে অভিযুক্তকে বলতে শোনা যায়, ‘মাত্র দুই মিনিট লাগবে।’ অভিযোগ জানানোর পর ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।