ওঙ্কার ডেস্কঃ রামনবমীতে অশান্তির মামলা। তিন বছর পর আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলিকে গ্রেফতার করল এনআইএ। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে রিষড়ার বাড়িতে পৌঁছে যায় এনআইএ-র টিম। ভিতরে ঢুকে সাকির আলিকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করেন এনআইএ-র আধিকারিকরা।
রিষড়া পুরসভার ৪নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সাকির আলি। ২০২৩ সালে রিষড়াতেই রামনবমীর সময়ে অশান্তি, বোমাবাজির ঘটনায় সাম্প্রদায়িক হিংসায় উসকানির অভিযোগে তাঁর নাম জড়ায়। কিন্তু তৎকালীন শাসক দলের তৃণমূল সাংসদের স্বামী হওয়ার সুবাদে সাকির আলির নাম জড়ালেও কোনও বিচার হয়নি।
ছাব্বিশের ভোটে রাজ্যজুড়ে তৃণমূলের ভরাডুবির পর থেকে একের পর এক পুরসভাও হাতছাড়া হতে থাকে। তবে রিষড়ার পুরবোর্ডের ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয় তৃণমূল। ফলে সাকির আলির দাপট অক্ষুণ্ণ ছিল বলে অভিযোগ।
সোমবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় গুন্ডাদমন বিল পাশ করিয়েছে। কড়া বার্তা দিয়েছেন, কোনওরকম অশান্তিতে গুন্ডামি বরদাস্ত হবে না, গুন্ডাগিরি সম্পূর্ণ বন্ধ করতে ওই বিলটিকে আইন আকারে আনা হচ্ছে। এরপরই পুরনো মামলায় তৃণমূল কাউন্সিলর সাকির আলিকে গ্রেফতার করল এনআইএ।