ওঙ্কার ডেস্ক: দিল্লি মেট্রোতে প্রবীণ নাগরিকদের জন্য সংরক্ষিত একটি আসন নিয়ে সহযাত্রীদের সঙ্গে মারামারির জেরে ৪৮ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত এক আইএএস অফিসার এবং তাঁর ছেলেকে গ্রেফতারকরেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সঞ্জয় প্রতাপ সিং (৬৫) এবং তাঁর ছেলে সিদ্ধার্থ সিং (৩৬)। দিল্লি মেট্রো পুলিশের দায়ের করা মামলায় আদালতে হাজির করার পর বাবা ও ছেলেকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। দিল্লি মেট্রো পুলিশের তথ্য অনুযায়ী, গত ৮ অক্টোবর বিকেল ৫টা ৪৭ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশের কাছে খবর আসে সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশনে ট্রেনের ভেতরে এক যাত্রী লুটিয়ে পড়েছেন। তাঁকে তড়িঘড়ি লোক নায়ক জয় প্রকাশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির নাম পবন শর্মা; তিনি তাঁর ষাটোর্ধ্ব মা দুর্গা দেবীর সঙ্গে যমুনা বিহারে যাচ্ছিলেন।
পবনের মায়ের বয়ানের ভিত্তিতে ৯ অক্টোবর সুপ্রিম কোর্ট মেট্রো থানায় একটি এফআইআর দায়ের হয়। এই মামলায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা প্রয়োগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রবীণদের জন্য সংরক্ষিত একটি আসন নিয়ে পবন শর্মা ও অভিযুক্তদের মধ্যে ঝামেলা শুরু হয়। মৌখিক তর্কাতর্কি দ্রুত হাতাহাতিতে রূপ নেয়; সেই সময় শর্মাকে ধাক্কাধাক্কি করা হয়। এর ফলে তিনি পড়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। পুলিশের তথ্য অনুযায়ী, সঞ্জয় প্রতাপ সিং ১৯৮৪ ব্যাচের এজিএমইউটি ক্যাডারের অবসরপ্রাপ্ত আইএএস অফিসার। তিনি নয়ডার সেক্টর-৪৪-এ থাকেন। অন্যদিকে, তাঁর ছেলে সিদ্ধার্থ সিং পেশায় আইনজীবী এবং নয়ডার সেক্টর-৫০-এ থাকেন।