ওঙ্কার ডেস্ক: মমতাপন্থী তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে দু’জন পুলিশকর্মী থাকার পরেও কী ভাবে তাঁর উপর হামলা হল? এই প্রশ্নই তুলল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি নির্দেশ দিয়েছেন, কুণালের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পুলিশ কমিশনার অজয় নন্দকে এই নির্দেশ দিয়েছে আদালত। তবে বেলেঘাটার বিধায়কের জন্য এখনই অতিরিক্ত কোনও পুলিশি নিরাপত্তার নির্দেশ দেওয়া হয়নি।
গত সেপ্টেম্বর মাসে কুণালের উপরে হামলা চালানো হয়। পর পর দুবার তাঁর উপর হামলার ঘটনা ঘটে। প্রথম আক্রমণের ঘটনাটি ঘটে ২৬ সেপ্টেম্বর। শ্রীরামপুরে মমতার সভায় যাওয়ার পথে উত্তরপাড়ায় কুণালের গাড়ি লক্ষ্য করে পাথর এবং ডিম ছোড়া হয়। তার পরের দিন অর্থাৎ ২৭ সেপ্টেম্বর বেলেঘাটাতেও আক্রান্ত হন কুণাল। জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তাঁকে লক্ষ্য করে হামলা চালানোর পর হাই কোর্টের দ্বারস্থ হন কুণাল ঘোষ। সোমবার সেই মামলাটি ওঠে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চে। সেখানে কুণালের আইনজীবী বলেন, শুধু ডিম ছোঁড়া নয়, ‘মব অ্যাটাকের’ শিকার হয়েছেন বিধায়ক। আইনজীবী জানান, কুণাল আগে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা পেতেন। এখন তা কমিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে তাঁকে দু’জন নিরাপত্তাকর্মী দেওয়া হয়।
শুনানিতে বিচারপতি ভট্টাচার্য প্রশ্ন করেন, ‘দু’জন পুলিশকর্মী সঙ্গে থাকা সত্ত্বেও দল বেঁধে এমন হামলার মতো ঘটনা কী ভাবে ঘটল?’ তবে এখনই অতিরিক্ত পুলিশি নিরাপত্তার কোনও নির্দেশ দেননি বিচারপতি। পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন, এ ধরনের ঘটনা যাতে না ঘটে এবং কুণাল যাতে পর্যাপ্ত নিরাপত্তা পান, তা নিশ্চিত করতে হবে। এর পর মামলাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেন বিচারপতি ভট্টাচার্য।