ওঙ্কার ডেস্ক: অতীতে অনেকবার বিতর্কিত রাজনৈতিক মন্তব্য করার কারণে শিরোনামে এসেছেন কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল সম্পর্কিত বক্তব্যের কারণে রাহুল গান্ধী তাঁকে দল থেকে সাসপেন্ড অবধি করেছিলেন। সেই মণিশঙ্কর ফের ‘ইন্ডিয়া’ জোট নিয়ে মন্তব্য করেছেন। মণিশঙ্করের দাবী রাহুল গান্ধির উচিত জোটের নেতৃত্ব পদ অনান্য যোগ্য রাজনৈতিক নেতাদের জন্য ছেড়ে দেওয়া। তাঁর মতে ‘ইন্ডিয়া’ জোটকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব দেওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও তিনি অখিলেশ যাদব, তেজস্বীর নামও উল্লেখ করেন।
আইয়ারের দাবি, বিরোধী ঐক্য টিকিয়ে রাখতে এবং বিজেপির বিরুদ্ধে শক্ত লড়াই গড়ে তুলতে আঞ্চলিক দলগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই তিনি মত দেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী জোটের শীর্ষে থাকলে তা রাজনৈতিকভাবে কার্যকর হতে পারে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, দক্ষিণ ও উত্তর ভারতের কয়েকজন প্রভাবশালী আঞ্চলিক নেতাও এই নেতৃত্বের দায়িত্ব নিতে সক্ষম।
তাঁর এই মন্তব্যের পর কংগ্রেসের অন্দরে অস্বস্তি তৈরি হয়েছে বলে সূত্রের খবর। দলের একাংশ জানিয়েছে, আইয়ারের বক্তব্য তাঁর ব্যক্তিগত মতামত, দলের আনুষ্ঠানিক অবস্থান নয়। জোটের অন্যতম মুখ রাহুল গান্ধীকে ঘিরে এমন মন্তব্য স্বাভাবিকভাবেই রাজনৈতিক তরঙ্গ সৃষ্টি করেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধী জোটের ভবিষ্যৎ কৌশল ও নেতৃত্ব নিয়ে যে অভ্যন্তরীণ আলোচনা চলছে, আইয়ারের বক্তব্য সেই বিতর্ককেই প্রকাশ্যে এনে দিয়েছে। এই পরিস্থিতিতে আইয়ারের মন্তব্য কেবল কংগ্রেস নয়, গোটা বিরোধী জোটের অভ্যন্তরীণ সমীকরণে প্রভাব ফেলতে পারে তা নিশ্চিত।
