ওঙ্কার ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘ মেয়াদী শান্তি স্থাপনের জন্য আলোচনাই পথ। এমনটাই মনে করেন ‘অল-পার্টি হুরিয়ত কনফারেন্স’-এর প্রাক্তন প্রধান মিরওয়াইজ উমর ফারুক। শ্রীনগরের জামিয়া মসজিদে শুক্রবার জুমার নামাজের খুতবায় ভাষণ দেন তিনি। সেই সময় মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত মউ এর প্রসঙ্গ উল্লেখ করে ভারত ও পাকিস্তানকে আলোচনা ও কূটনীতির পথ অনুসরণের আহ্বান জানান।
মিরওয়াইজ বলেন, ‘আঞ্চলিক শান্তির ক্ষেত্রে ভারত ও পাকিস্তানের বিশেষ দায়িত্ব রয়েছে। ভারতের দীর্ঘমেয়াদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পারস্পরিক সম্পৃক্ততা ও আলোচনার সেই মনোভাবকে জাগিয়ে তুলতে পারেন। দীর্ঘস্থায়ী সমাধানের জন্য আলোচনা সবচেয়ে নির্ভরযোগ্য পথ।’ তিনি বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যুদ্ধ আমাদের মনে করিয়ে দেয় সামরিক শক্তি যতই প্রবল হোক না কেন, তারও সীমাবদ্ধতা রয়েছে। ওই নেতা বলেন ‘যুদ্ধ পরিস্থিতি বদলে দিতে পারে। ব্যাপক দুর্ভোগ বয়ে আনতে পারে। কিন্তু টেকসই শান্তি ও স্থায়ী সমাধানের জন্য শেষ পর্যন্ত আলোচনা, সমঝোতা দরকার।’
মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান ঘটাতে মধ্যস্থতা করেছে পাকিস্তান ও কাতার। এই দুই দেশের ভূমিকার প্রশংসা করে মিরওয়াইজ বলেন, কূটনীতি ও আলোচনা দুর্বলের লক্ষণ নয়। তিনি বলেন, ‘এই শিক্ষা দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারত ও পাকিস্তানের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ মানুষের আবাসস্থল আমাদের এই অঞ্চল। এখানে রয়েছে বিশাল সভ্যতার ঐতিহ্য, অসাধারণ মানবসম্পদ এবং বিপুল অর্থনৈতিক সম্ভাবনা। অথচ কয়েক দশক ধরে রাজনৈতিক উত্তেজনা, অবিশ্বাস এবং অমীমাংসিত বিভিন্ন বিষয় এই অঞ্চলের মানুষকে তাদের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে বাধা দিয়েছে।’