ওঙ্কার ডেস্ক: রঙের উৎসবে প্রিয়জনদের আবির দিয়ে রাঙান উৎসবে অংশগ্রহণকারীরা। কিন্তু হোলির আনন্দ মুহূর্তের মধ্যে বিভীষিকায় পরিণত হল চার বছরের শিশুর। রঙের উৎসবে ঠাকুমার গায়ে রঙ দেওয়ায় তার গায়ে ফুটন্ত জল ঢেলে দিলেন মহিলা। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুর জেলার কোরাডি এলাকায়। গুরুতর জখম অবস্থায় ওই নাবালককে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
রিপোর্ট অনুসারে, ৩ মার্চ আরামশিন এলাকার ২ নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটেছে। সেই মুহূর্তের ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। পুলিশ জানিয়েছে, জখম শিশুর নাম ওম হরিশ ওয়াঙ্গে। বাড়ির বাইরে রঙ ভর্তি স্প্রে বোতল নিয়ে খেলছিল সে। সেই সময় সে ভুল করে তার ঠাকুমা সিন্ধু ঠাকরের উপর রঙ ছিটিয়ে দেয়। ওই মহিলা গরম জল বালতিতে ভরছিলেন। তাঁর গায়ে রঙ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি শিশুটির গায়ে ফুটন্ত জল ঢেলে দেন বলে অভিযোগ।
গরম জলের কারণে শিশুটির কোমরের নীচে গুরুতরভাবে পুড়ে যায়। তাকে নাগপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় গুরুতর জখম অবস্থায়। চিকিৎসকদের অনুমান, শিশুটির দেহের প্রায় ৪৫ শতাংশ পুড়ে গেছে। পুলিশ জানিয়েছে, মহিলার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
