ওঙ্কার ডেস্ক: সরকারের তরফে মাথার দাম ঘোষণা করা হয়েছিল ৫০ হাজার টাকা, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল সেই মাওবাদী কম্যান্ডারের। বুধবার সন্ধ্যায় বিহারের বেগুসরাই জেলায় নিরাপত্তা কর্মীদের সঙ্গে এই সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত মাওবাদীর নাম দয়ানন্দ মালাকার। নিষিদ্ধ ঘোষিত সিপিআই-মাওবাদী সংগঠনের উত্তর-বিহার কেন্দ্রীয় জোনাল কমিটির সম্পাদক ছিলেন তিনি। তাঁর দুই সহযোগীকেও এদিন গ্রেফতার করেছে পুলিশ। বিহার পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এর তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মালাকার ওরফে ছোটু ১৪টিরও বেশি ফৌজদারি মামলায় অভিযুক্ত ছিলেন। পুলিশ তাঁকে খুঁজছিল। বুধবার সন্ধ্যায় বেগুসরাইয়ের তেঘরা এলাকায় এসটিএফ এবং জেলা পুলিশের একটি যৌথ দলের সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হয়েছেন।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘মালাকার এবং তাঁর সহযোগীরা লুকিয়ে ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা কর্মীরা সেখানে পৌঁছায়। পুলিশ কর্মীদের গতিবিধি টের পেয়ে, মালাকার পালানোর চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। নিরাপত্তা কর্মীরা আত্মরক্ষার স্বার্থে পাল্টা গুলি চালায়। সংঘর্ষে ওই মাওবাদী জখম হন এবং তাঁর দুই সহযোগীকে গ্রেফতার করা হয়।’
পুলিশের তরফে আরও জানানো হয়েছে, মালাকারকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সংঘর্ষে কোনও নিরাপত্তা কর্মী জখম হয়নি বলে জানানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ৫.৫৬ এমএম ইনসাস রাইফেল, একটি দেশী পিস্তল, ২৫টি তাজা কার্তুজ এবং ১৫টি ব্যবহৃত কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। বিবৃতিতে বলা হয়েছে, ‘মালাকারের মাথার দাম ঘোষণা করা হয়েছিল ৫০,০০০ টাকা। তিনি উত্তর বিহারে বেশ কয়েকটি নকশাল অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন।’
