ওঙ্কার ডেস্ক: নিট ইউজি পরীক্ষার দিন প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। কিন্তু পরীক্ষার পর থেকে ২১ বছর বয়সী ওই তরুণী নিখোঁজ ছিলেন। বিষয়টি জানিয়ে পুলিশে নিখোঁজ মামলাও দায়ের করেছিল পুলিশ। অবশেষে তাঁর দেহ উদ্ধার হল নদীর চর থেকে। ঘটনাটি মধ্যপ্রদেশের খাড়গোন জেলার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নর্মদা নদীর তীর থেকে ওই পরীক্ষার্থীর দেহ উদ্ধার করা হয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, মৃত ওই ছাত্রীর নাম নিক্কি যাদব। কারহি থানা এলাকার নদীর চর থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ইন্দোরের লাসুদিয়া এলাকার তালাভলি চান্দার বাসিন্দা নিক্কি যাদব। তাঁর ছোট ভাইয়ের সঙ্গে নিট ইউজি পরীক্ষার সেন্টারে গিয়েছিলেন। পরীক্ষা শেষ হওয়ার পর অন্য এক জনের মোবাইল ফোন থেকে নিক্কি তাঁর মাকে ফোন করে জানান, তাঁর নিজের ফোনের চার্জ শেষ হয়ে গেছে। তিনি শীঘ্রই বাড়ি ফিরবেন বলেও জানান মাকে। অভিযোগ, রাত বেশি হয়ে গেলেও নিক্কি না বাড়ি ফেরায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে শুরু করেন। সোমবার সকালে ভানওয়ারকুয়ান থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানায় সোমবার বিকেলে নদীর তীরে ওই তরুণীর মৃতদেহউদ্ধার হয়। ময়নাতদন্তে শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, জলে ডুবে নিক্কির মৃত্যু হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার শকুন্তলা রুহাল জানিয়েছেন, পুলিশ এই ঘটনার সব দিক খতিয়ে দেখছে। মৃত তরুণীর বাবা রামানন্দ যাদব জানান, নিক্কির ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। এই নিয়ে তৃতীয় বার নিট ইউজি পরীক্ষায় বসেছিলেন তিনি। তিনি আত্মহত্যা করতে পারেন না বলে দাবি তাঁরা বাবার।