স্পোর্টস ডেস্ক : ছিল ২৭ কোটি টাকা, হল ১৫ কোটি টাকা ! আইপিএল-এর আগামী মরসুমে এই টাকাতেই খেলতে হবে ঋষভ পন্থকে । এই উইকেটকিপার-ব্যাটার লখনউ সুপার জায়ান্টস ছেড়ে পুরনো দল দিল্লি ক্যাপিটালসে ফিরলেন। আইপিএল ট্রেডের মাধ্যমে পুরনো দলে ফিরলেন ঋষভ। তাঁর পরিবর্তে দিল্লি থেকে লখনউয়ে গেলেন কুলদীপ যাদব । এই স্পিনার লখনউয়ে খেলার সুবাদে ১৩.৫০ কোটি টাকা পাবেন। মঙ্গলবার এই ট্রেডের কথা ঘোষণা করা হয়েছে।
লখনউয়ের অধিনায়ক হিসেবে সাফল্য পাননি ঋষভ। তিনি পুরনো দলে ফিরলেও, অধিনায়কত্ব করবেন না। সাধারণ খেলোয়াড় হিসেবেই দলে থাকবেন।২০২৫ সালের আইপিএল-এর আগে ঋষভকে দলে নেয় লখনউ। এই উইকেটকিপার-ব্যাটারকে অধিনায়ক নির্বাচিত করা হয়। কিন্তু ফ্র্যাঞ্চাইজির আশা পূরণ করতে পারেননি ঋষভ। তিনি নিজে যেমন ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি, তেমনই দলও ভালো ফল করতে পারেনি। ২০২৫ সালের আইপিএল-এ মাত্র ২৬৯ রান করেন ঋষভ। ২০২৬ সালের আইপিএল-এ তিনি ৩১২ রান করেন। লখনউয়ের অধিনায়ক ব্যাটিং অর্ডারে রদবদল করেও বিশেষ সুবিধা করতে পারেননি। তিনি পুরনো দলে ফিরে আগামী মরসুমের আইপিএল-এ ছন্দ ফিরে পেতে চান।
ঋষভ আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও, দিল্লির হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন কুলদীপ। এই স্পিনার ২০২২ থেকে ২০২৬ সালের আইপিএল পর্যন্ত দিল্লির হয়ে খেলেছেন। তিনি মোট ৬৫ ম্যাচ খেলে ৭২ উইকেট নিয়েছেন। জাতীয় দলের হয়েও যখনই খেলার সুযোগ পেয়েছেন তখনই উইকেট নিয়েছেন কুলদীপ।