ওঙ্কার ডেস্ক: হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণের ফলে মৃত্যু হল তিন শিশুর। সোমবার ভোরে মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে এই ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডের জেরে চিকিৎসাধীন থাকা এই তিন শিশুর প্রাণহানি ঘটেছে। ঘটনার পর বহু শিশুকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
রিপোর্ট অনুসারে, সোমবার ভোর সাড়ে ৩টে নাগাদ হাসপাতালের তিন তলায় একটি ভেন্টিলেটরে বিস্ফোরণ হয়। এর পর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার সময় অমরাবতী জেলা মহিলা হাসপাতালের ‘স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট’-এ ৩৯ জন নবজাতক ভর্তি ছিল। গুরুতর ভাবে দগ্ধ হয়ে এবং ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে তিন নবজাতকের মৃত্যু হয়েছে। অমরাবতীর পুলিশ কমিশনার রাকেশ ওলা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, এসএনসিইউ-তে তিনটি বিভাগ রয়েছে—একটি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের জন্য, একটি বাইরের হাসপাতাল থেকে আসা শিশুদের জন্য এবং অন্যটি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার অপেক্ষায় থাকা শিশুদের জন্য। এই তিনটি বিভাগে মোট ৩৯ শিশু ভর্তি ছিল। আগুন লাগার পর চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মীরা দ্রুত ওয়ার্ডে গিয়ে শিশুদের সরিয়ে নিয়ে যান। গুরুতর অসুস্থ ছয় নবজাতককে চিকিৎসার জন্য নিকটবর্তী একটি সুপার-স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার পরই পরিস্থিতি খতিয়ে দেখতে ও তদন্তের জন্য ডেপুটি কমিশনার অফ পুলিশ-সহ পুলিশের ঊর্ধ্বতন কর্তারা ঘটনাস্থলে পৌঁছান। প্রশাসনিক গাফিলতি চিহ্নিত করতে একটি উচ্চ-পর্যায়ের তদন্তের কথা বলা হয়েছে প্রশাসনের তরফে।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজস্ব মন্ত্রী চন্দ্রশেখর বাওয়ানকুলে। তিনি মৃত শিশুদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এই সংকটময় মুহূর্তে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। বাওয়ানকুলে বলেন, ‘অমরাবতীতে আজকের মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আমার গভীর সহানুভূতি। মৃত নবজাতকদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন তাদের বাবা-মাকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন।’