ওঙ্কার ডেস্ক: নিট ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে টানা ২৫ দিন ধরে অনশন করছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। তাঁর স্বাস্থ্য ইতিমধ্যে ভেঙে পড়েছে। বর্তমানে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সোনম। এই পরিস্থিতিতে সমাজকর্মী যাতে অনশন তুলে নেন, সেই আর্জি নিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধী সাংসদদের একটি দল। সূত্রের খবর, হাসপাতালে গিয়ে ওই প্রতিনিধিদল ওয়াংচুককে অনশন প্রত্যাহার করার অনুরোধ জানাবেন। অনিয়মের বিষয়টি তাঁরা সংসদে তুলবেন, এই আশ্বাসও সমাজকর্মীকে দেবেন ওই সাংসদরা।
সূত্রের খবর, ওই প্রতিনিধি দলে থাকবেন কংগ্রেসের রাজ্যসভা সাংসদ বিবেক তনখা, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সাগরিকা ঘোষ এবং সিপিআই(এম)-এর রাজ্যসভা সাংসদ জন ব্রিটাস। চলতি বাদল অধিবেশনে বিষয়টি নিয়ে তাঁরা সরব হবেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এর আগে ওয়াংচুক বলেছিলেন, যদি সাংসদ এবং রাজনৈতিক দলের নেতারা তাঁকে আশ্বস্ত করেন, শিক্ষা ক্ষেত্রে যে অনিয়ম হয়েছে তা বাদল অধিবেশনে তোলা হবে, তাহলে তিনি অনশন প্রত্যাহার করবেন। তবে, ‘ককরোচ জনতা পার্টি’র ‘সংসদ চলো’ মিছিলে অংশগ্রহণকারীদের ওপর পুলিশের হামলার পর সমাজকর্মী জানান, সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন।
উল্লেখ্য, গত ২৮ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে সিজেপির আন্দোলনে যোগ দিয়েছেন সোনম ওয়াংচুক। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত পড়ুয়াদের সমর্থনে তিনি অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেন। ১৮ জুলাই তাঁকে দিল্লি পুলিশ জোর করে সফদরজং হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে দিল্লি হাইকোর্টের নির্দেশে তাঁকে মেদান্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়।