ওঙ্কার ডেস্ক: নেট মাধ্যমে জনপ্রিয় খান স্যারের বিহারের কোচিং সেন্টারের বাইরে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা মঙ্গলবার। সেই ঘটনার তদন্তে নেমে পাটনা পুলিশ বুধবার অন্য একটি কোচিং সেন্টারের পরিচালক-সহ তিন জনকে গ্রেফতার করল। তদন্তকারীদের মতে, অনুসন্ধানে নেমে সংগৃহীত প্রমাণ এবং এই মামলার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করে এই গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় একাধিক ব্যক্তির জড়িত থাকার ইঙ্গিত পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে তিন অভিযুক্তকেই আদালতে হাজির করা হয়। ধৃতদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এই ঘটনার পেছনে কী ষড়যন্ত্র, তা জানতে সক্রিয় ভাবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এক পুলিশ আধিকারিক জানান, এই মামলায় আরও গ্রেফতারের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, বিহারের পাটনার মুসাল্লাপুর হাটের কাছে খান স্যারের কোচিং সেন্টারের বাইরে বুধবার সকালে শিক্ষার্থীদের ভিড় জমান। মঙ্গলবার রাতে ওই প্রতিষ্ঠানের বাইরে গুলি চালানোর খবর পাওয়া গিয়েছিল, যার ফলে এলাকায় বিশাল নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। কোচিং সেন্টারের বাইরে শিক্ষার্থীরা জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করে। সংবাদ মাধ্যমকে এক শিক্ষার্থী বলে, ‘আমরা ন্যায়বিচার চাই। আমরা নিরাপত্তা চাই।’ দুষ্কৃতীরা গুলি চালানোর পাশাপাশি খান স্যারের কোচিং সেন্টারের নিরাপত্তারক্ষীর উপর হামলা করে। গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি। মঙ্গলবার এক পুলিশ আধিকারিক জানান, জখম নিরাপত্তারক্ষীর জবানবন্দি রেকর্ড করা হচ্ছে।
যদিও এই গুলি চালনার ঘটনা প্রসঙ্গে খান স্যার সংবাদ মাধ্যমকে বলেন। তাঁরা অল্প ফিতে পড়ূয়াদের সরকারি চাকরির জন্য প্রশিক্ষণ দিচ্ছেন বলে প্রতিযোগী কোচিং সেন্টারের মদতে এই হামলা হয়েছে। তাঁর কথায়, ‘আমরা কেন এত কম ফিতে পড়াচ্ছি ? কেন আমরা এত বিপুল সাফল্য পাচ্ছি ? সেটাই মূল সমস্যা।‘