ওঙ্কার ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাব সীমান্ত। ডেরা গাজি খান জেলার খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাব সীমান্তের কাছে ঝাঙ্গি পুলিশ চেকপোস্টে বিস্ফোরকবাহী গাড়ি থেকে এই বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। ঘটনায় পাঁচ পুলিশ কর্মী নিহত হয়েছেন। বিস্ফোরণের ফলে জখম হয়েছেন আরও আট জন। পাকিস্তানের পুলিশের দেওয়া তথ্য অনুসারে, গাড়িটিতে কাঠ বোঝাই করা ছিল। মনে করা হচ্ছে কাঠের স্তূপের ভিতরে বিস্ফোরক লুকিয়ে রাখা ছিল। বিস্ফোরণে চেকপোস্টের বাইরের দেওয়ালের একটি অংশ ধ্বসে গিয়েছে এবং গাড়িটি ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছে।
এটি আত্মঘাতী বোমা হামলা নাকি রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে তা এখনও স্পষ্ট নয়। অন্য দিকে এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি। সংগঠনটি এটি তাদের ‘মিসাইল হামলা’ বলে অভিহিত করেছে। পাক তদন্তকারীরা খতিয়ে দেখছেন, সত্যিই কোনও মিসাইল ব্যবহার করা হয়েছিল কিনা। উল্লেখ্য, দক্ষিণ খাইবার পাখতুনখোয়া এবং অতি সম্প্রতি বাজাউর জেলায় বড় ধরনের হামলার পরেও পাক তালিবান এই ধরনের দাবি করে আসছিল। ডেরা গাজি খানের হামলাটিও একই কৌশলে চালানো হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, আফগানিস্তানে টিটিপি-র ঘাঁটিতে পাকিস্তান হামলা চালিয়েছিল। তার কয়েক দিনের মধ্যেই এই হামলাটি ঘটল। আফগানিস্তানে টিটিপির গোপন ডেরাতে পাকিস্তানের বিমান হামলার পর ইসলামাবাদ দাবি করেছিল, ওই অভিযানে ২৬ জন জঙ্গি নিহত হয়েছে। তবে কাবুলের দাবি, ওই হামলায় বেসামরিক নাগরিকদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি যারা হতাহত হয়েছেন তারা সাধারণ মানুষ।